নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মোহাম্মদপুরে থানার ওসি আলী ইফতেখারের অপসারণ দাবিতে সম্প্রতি স্থানীয় ছাত্র-জনতা বিক্ষোভ কর্মসূচি পালন করে। তাদের অভিযোগ, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও চাঁদাবাজ চক্রের সঙ্গে ওসির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তবে এবার উল্টো চিত্র দেখা গেছে—সেই ওসিকে থানায় রাখার দাবিতে মানববন্ধনে নেমেছে এলাকার কুখ্যাত মাদক কারবারি ও কিশোর গ্যাংয়ের সদস্যরা।
গত সোমবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে মোহাম্মদপুর টাউন হল এলাকার জান্নাত হোটেলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় জেনেভা ক্যাম্পের একাধিক আলোচিত মাদক কারবারি, তাদের আত্মীয়স্বজন ও কিশোর গ্যাং সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মানববন্ধনে নেতৃত্ব দেয় ইকবাল ওরফে কসাই ইকবাল, যিনি জেনেভা ক্যাম্পের ৬/২৪ নম্বর রোডে একটি মাদক স্পট পরিচালনা করেন। তিনি শীর্ষ মাদক কারবারি বিল্লাল ইকবালের ছোট ভাই এবং তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। উপস্থিত ছিলেন মমতাজ আশরাফী নামের একজন, যিনি আরেক শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোহেলের ভাই কাল্লুর চাচা শ্বশুর। অভিযোগ রয়েছে, বুনিয়ার মাদক কারবারের পুরো দেখভাল করেন মমতাজ নিজেই।
মানববন্ধনে অংশ নেন চুয়া সেলিমের শ্যালক খোকন, যিনি গজনবী রোডে ইয়াবা, হেরোইন ও গাঁজা বিক্রির সঙ্গে জড়িত। এছাড়া উপস্থিত ছিলেন জেনেভা ক্যাম্পের ৮ নম্বর সেক্টরের শীর্ষ মাদক কারবারি ইরফান ওরফে চারকু ইরফান, ইয়াবা রুবেল, মাদক ব্যবসায়ী সুমনের মা সকিনা ও ল্যাংড়া বেচু।
এই মানববন্ধনে শুধু মাদক ব্যবসায়ী নয়, যুক্ত হয় মোহাম্মদপুরের কুখ্যাত কিশোর গ্যাং ‘কবজি কাটা গ্রুপ’-এর সদস্যরাও। তাদের মধ্যে ছিলেন নবোদয় এলাকার রাকিব ওরফে হাত ভাঙা রাকিব, যিনি গ্যাং লিডার এলেক্স সুমনের ছোট ভাই। উপস্থিত ছিলেন ফাহাদ ও নীরব নামে আরও দুই গ্যাং সদস্য।

মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে মমতাজ আশরাফী বলেন, “আমরা ওসি সাহেবের বিরুদ্ধে করা অপপ্রচারের প্রতিবাদে দাঁড়িয়েছি। পুলিশ জনগণের বন্ধু। যদি কোনো ভুল হয়ে থাকে, তদন্ত হোক, কিন্তু মিথ্যা অভিযোগ মেনে নেওয়া যায় না। ওসি স্যার আমাদের পাশে থাকেন, অনেক ভালো কাজ করেন।”
ল্যাংড়া বেচু বলেন, “ওসি স্যার ভালো লোক। আমরা সবসময় চাই, তিনি এই থানাতেই থাকুন।”
কিশোর গ্যাং সদস্য হাত ভাঙা রাকিব বলেন, “আমরা চাই, ওসি স্যার সবসময় এখানে থাকুক। তিনি থাকলে এলাকায় শান্তি থাকে।”
তবে স্থানীয় সচেতন মহল বলছে, যাদের বিরুদ্ধে সমাজকে ধ্বংস করার অভিযোগ, তারাই এখন পুলিশের এক কর্মকর্তাকে রক্ষায় সরব—এটি অত্যন্ত দুঃখজনক ও প্রশ্নবিদ্ধ। মাদক কারবারি ও অপরাধী গ্যাংদের এমন প্রকাশ্য অবস্থান থেকে প্রশাসনের ভূমিকা ও পুলিশ কর্মকর্তার নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।








