শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মোহাম্মদপুরে ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১

শাওন বণিক, স্টাফ রিপোর্টার

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই করতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছে দুই ছিনতাইকারী। তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে এবং অন্যজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের নাম ইয়ামিন (২৩)। তিনি মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকার মাহবুবের ছেলে, গ্রামের বাড়ি ভোলার লালমোহন উপজেলার চরসখিনা গ্রামে। আহত অপর ছিনতাইকারীর নাম ফাহিম।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউন রোড নং-১২ এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরের ওয়াকওয়েতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় দুইজনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়ামিনকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ছিনতাইয়ের সময় স্থানীয়রা দুই যুবককে আটক করে গণপিটুনি দেয়। এতে তারা গুরুতর আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা মিলে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইয়ামিন মারা যান। ফাহিম চিকিৎসাধীন আছেন।

এসি মেহেদী হাসান বলেন, “মোহাম্মদপুরের চন্দ্রিমা উদ্যানের শেষ মাথায় মোবাইল ফোন ছিনতাই করার সময় দুইজনকে স্থানীয়রা গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ তাদের হাসপাতালে নিয়ে গেলে ইয়ামিন মারা যান। আহত ফাহিম চিকিৎসাধীন রয়েছেন।”

তিনি আরও জানান, যার মোবাইল ছিনতাই হয়েছিল তার ফোনটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ভুক্তভোগী বর্তমানে থানায় আছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ