পথে প্রান্তরে ডিজিটাল ডেস্ক:
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মোহাম্মদপুরে একই পরিবারের সাতজনকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় আলোচিত কিশোর গ্যাং ‘পাটালি গ্রুপের’ চার সদস্যকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন—মো. ফরহাদ (২৩), মো. হাসান ওরফে পাটালি হাসান (২২), মো. আলমগীর ওরফে ফর্মা আলমগীর (৩৭) এবং মো. রফিক (২৩)।
ডিবি তেজগাঁও বিভাগ জানায়, ১৪ মে ২০২৫, রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন জাফরাবাদ মোড়ে ভুক্তভোগী মো. আনোয়ার হোসেনের বাড়ির সামনে অতর্কিত হামলা চালায় ‘পাটালি হাসান’-এর নেতৃত্বাধীন কিশোর গ্যাংয়ের একদল সদস্য। দেশীয় অস্ত্র ও চাপাতি নিয়ে চালানো এ হামলায় আনোয়ার হোসেনসহ তার পরিবারের সাতজন সদস্য গুরুতর আহত হন।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরে মোহাম্মদপুর থানায় একটি হত্যা প্রচেষ্টার মামলা দায়ের করা হয়।

ঘটনার পর থেকেই পলাতক আসামিদের ধরতে মাঠে নামে ডিবির তেজগাঁও বিভাগ। গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আজ বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) ভোর ৪টার দিকে জিগাতলা এলাকায় অভিযান চালিয়ে প্রথমে ফরহাদকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যে ভিত্তি করে পরবর্তীতে সকাল ৬টার দিকে কেরানীগঞ্জের ঘাটারচর এলাকায় অভিযান চালিয়ে বাকি তিনজন—হাসান, আলমগীর ও রফিককে গ্রেফতার করা হয়।
অভিযানকালে আসামিদের কাছ থেকে হামলায় ব্যবহৃত চারটি চাপাতি জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি পলাতক অন্যান্য গ্যাং সদস্যদের ধরতে ও অস্ত্র উদ্ধার করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি তেজগাঁও বিভাগ।








