শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মোহাম্মদপুর থেকে তুলে নেওয়া যুবক মিরপুর থানায় উদ্ধার

শাওন বণিক, স্টাফ রিপোর্টার:

রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়া থেকে অপহরণ হওয়া যুবককে মিরপুর থানায় পাওয়া গেছে। তবে মিরপুর থানার ওসিসহ উর্ধ্বতন কর্মকর্তাদের দাবি, অপহরণের তথ্য নেই তাদের কাছে।

বুধবার (৮ অক্টোবর) লালমাটিয়া ব্লক : বি, হাউজিং এলাকায় এ অপহরণের ঘটনা ঘটে।

সিসিটিভি ফুটেজ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে লালমাটিয়া হাউজিং এলাকার লালমাটিয়া মহিলা কলেজের পেছনের ব্লক – বি , সড়ক থেকে সাদা শার্ট ও হেলমেট পরিহিত কালো শার্ট পরিহিত দুজন ব্যক্তি টেনে হেঁচড়ে এক ব্যক্তিকে জোর করে একটি সাদা প্রাইভেট কারে তুলে নেয়। এ সময় কয়েক গজ দূরেই তার মোটরসাইকেল থাকতে দেখা যায়। সিসিটিভি ফুটেজে ভুক্তভোগীর হাতে একটি হেলমেট দেখা যায়।

অপহরণ হওয়া যুবকের নাম ইঞ্জিনিয়ার তরিকুল ইসলাম তাহসান। তিনি রাজধানীর এলিফ্যান্ট রোডের শেলটেক কম্পিউটার সিটিতে প্রযুক্তি পণ্যের ব্যবসা করেন। পাশাপাশি তিনি ঠিকাদারি ব্যবসা করতেন। তার গ্রামের বাড়ি গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী সদরের কান্ডপাশার খানাবাড়ি।

অপহরণ হওয়ার বিষয়ে তরিকুলের আত্মীয় বলেন, রিকুল পেশায় একজন ব্যবসায়ী। গতকাল তাকে প্রাইভেটকারে কে বা কারা তুলে নিয়ে যায়। গাড়ির ভেতরে তাকে মারধর করা হয়। তার ব্যাংক কার্ড ও টাকা-পয়সা হাতিয়ে নেওয়া হয়েছে। পরবর্তীতে মিরপুর থানায় জমা দেওয়া হয়।

তিনি আরও বলেন, তরিকুল স্ত্রী সন্তান নিয়ে মোহাম্মদপুরে বসবাস করতেন। তার ওপর নির্যাতন হলেও প্রাণে বেঁচে গেছে। এ বিষয়ে এখনই তার স্ত্রী কথা বলতে রাজি নয়। আজ সন্ধ্যায় পুলিশ তাকে আদালতে নিয়ে আসে। কোন মামলায় গ্রেফতার করা হয়েছে বা নতুন মামলা দেওয়া হয়েছে কি না কিছুই জানি না। রবিবারের আগে কোনো কাগজ পাবো না। তাই মামলা সম্পর্কে এখনই বলতে পারছি না।

এদিকে মোহাম্মদপুর থেকে অপহরণের পর করা হলেও মিরপুর থানার ওসি সাজ্জাদ রোমান দাবি করেন, তরিকুলকে স্থানীয় ছাত্রদল ও যুবদল এবং বৈষম্য বিরোধী আন্দোলনে নেতারা আওয়ামী লীগের মিছিলে জড়িত থাকার অভিযোগে ধরে থানায় দিয়ে গেছে।

মিরপুর থানায় জমা দেওয়া তরিকুলকে মোহাম্মদপুরের লালমাটিয়া থেকে অপহরণ করা হয়েছে। এমন তথ্যের প্রেক্ষিতে তিনি বলেন, বিষয়টা আমার জানা নেই। খোঁজ নিতে হবে। আসামির পকেটে মোবাইল, চাবি ও মানিব্যাগ ছিল। আসামি জানায় তার মোটরসাইকেল লালমাটিয়ায়। এ বিষয়ে আসামি কিছু বলে নি। আমরা জানতে পেরেছি আসামি মৎসজীবী লীগের নেতা। তবে তার বিরুদ্ধে কোনো মামলা বা ওয়ারেন্ট থাকার তথ্য নেই।

কারা তাকে মোহাম্মদপুর থেকে তুলে নিয়েছে জানতে চাইলে ওসি বলেন, মিরপুর এলাকা থেকে আটকের তথ্য দিয়ে থানায় দেওয়া হয়েছে। মোহাম্মদপুরে তুলে নেওয়ার তথ্য জানা নেই। বিষয়টা আমরা তদন্ত করে দেখছি।

এদিকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে লালমাটিয়া মহিলা কলেজের পেছনে থেকে পরিত্যক্ত অবস্থায় সুজুকি জিক্সার মডেলের গাড়িটি উদ্ধার করেন উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম।

যোগাযোগ করা হলে তিনি বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে আমি গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরবর্তীতে মিরপুর থানার এসআই মাহমুদ মোটরসাইকেলটি থানা থেকে নিয়ে যায়। বিষয়টি ওসি স্যার জানেন।

এদিকে মোহাম্মদপুর থানা থেকে অপহরণের শিকার ব্যক্তির মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হলেও এ সংক্রান্ত কোনো জিডি থানায় নেই। এমনকি কোনো ধরনের জিডি ছাড়াই থানা থেকে গাড়ি নিয়ে যান মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদন নবী ও এএসআই সাইফুল ইসলাম।

মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে প্রাইভেট কারে করে অপহরণ করে নিয়ে যাওয়া ইঞ্জিনিয়ার তরিকুল ইসলামের মোটরসাইকেল মোহাম্মদপুর থেকে কেন আপনি নিয়ে গেলেন এ বিষয়ে জানতে চাইলে মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুন নবী জানান, আমরা জানতে পেরেছি মিরপুর এলাকায় একটি মবের সৃষ্টি হয়েছিল। রাতে আমি ডিউটিতে ছিলাম। পরে খবর এলো তরিকুল ইসলাম নামে এক ব্যক্তির মোটরসাইকেল মোহাম্মদপুর থানা হেফাজতে রয়েছে। পরে আমি এবং এএসআই সাইফুল ইসলাম মোহাম্মদপুর থানায় এসে নিজেদের জিম্মায় মোটরসাইকেলটি মিরপুর মডেল থানায় নিয়ে যাই।

মব যদি মিরপুর এলাকায় হয় তাহলে ভুক্তভোগী তরিকুল ইসলামের মোটরসাইকেল কিভাবে মোহাম্মদপুর থানায় এসেছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মিরপুর এলাকায় মব হয়েছে এই বিষয়টি আমি জানি কিন্তু তার মোটরসাইকেল মোহাম্মদপুর থানায় কিভাবে এসেছে সে বিষয়টি আমি বলতে পারছি না। থানা থেকে আমাকে জানানো হলে আমি মোহাম্মদপুর থানা এলাকা থেকে মোটরসাইকেলটি আমরা দুজনে গিয়ে নিয়ে আসি। এর বেশি কিছু আমি জানি না। ঘটনার বিস্তারিত অফিসার বলতে পারবেন।

এ বিষয়ে জানতে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মাকছুদের রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এমন ঘটনা আমার জানা নেই। খোঁজ নিয়ে জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ