নাসরিন সুলতানা, স্টাফ রিপোর্টার
ঢাকার মিরপুরের রূপনগর এলাকায় পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনার ১২ দিন পর আরও একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৬ অক্টোবর) বিকেলে পোড়া কারখানা থেকে লাশটি উদ্ধার করার কথা জানিয়ে ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান বলেন, “লাশটি একদিকে পোড়া, অন্যদিকে গলে গেছে। তবে চুল দেখে ধারণা করা হচ্ছে, এটি নারীর মরদেহ।”
ওই অগ্নিকাণ্ডের ঘটনায় এ নিয়ে মোট ১৭ জনের লাশ উদ্ধার হয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা বলেন, “একজন নারীর নিখোঁজ থাকার তথ্য মৌখিকভাবে পাওয়া গেছে। এটি সেই নারীর লাশ কি না, ডিএনএ নমুনার মাধ্যমে পরীক্ষা করে জানা যাবে।”
গত ১৪ অক্টোবর ঢাকার মিরপুরের রূপনগর এলাকায় একটি রাসায়নিকের গুদাম এবং পাশের পোশাক কারখানায় আগুন লাগে। সেদিনই পোশাক কারখানার দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে ১৬ জনের লাশ উদ্ধার করা হয়।
মাকছুদের রহমান বলেন, “পরিস্থিতির কারণে সেখানে (কারখানায়) এতদিন ঢোকা সম্ভব হয়নি। যেখান থেকে আগে মরদেহগুলো উদ্ধার করা হয়েছিল, সেখান থেকেই সর্বশেষ মৃতদেহটি উদ্ধার করা হয়েছে।”
রূপনগর থানার ওসি মোরশেদ আলম গণমাধ্যমকে বলেন, “নিহত ১৬ জনের মধ্যে ১০ জনকে স্বজনরা দেখেই শনাক্ত করেন। তারপরও সবার ডিএনএ নমুনা নেওয়া হয়। গত ১৯ অক্টোবর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।”
ওই ১৬ জন হলেন— আব্দুল আলিম (১৪), আসমা আক্তার (১৩), মুক্তা বেগম (৩০), তোফায়েল আহমেদ (২২), নাজমুল ইসলাম (৪০), নার্গিস আক্তার (১৮), জয় মিয়া (২০), মোনা আক্তার সামিয়া (১৪), মাহিরা (১৪), আল মামুন (৩৮), ছানোয়ার হোসেন (২৪), ফারজানা আক্তার (১৫), মৌসুমি খাতুন (২৩), রবিউল ইসলাম (২০), নুর আলম সরকার (২৩) এবং খালিদ হাসান (৩০)।








