নাসরিন সুলতানা, স্টাফ রিপোর্টার
রাজধানীর মিরপুরের রূপনগরে একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুনে দগ্ধ ও নিখোঁজ রয়েছেন আরও অনেকে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম গণমাধ্যমকে জানান, “রূপনগরে আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। প্রথমে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল, পরে আরও ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়। বেশ কয়েকজন আহত হয়েছেন। আমাদের উদ্ধার অভিযান এখনো চলছে।”
সন্ধ্যায় ফায়ার সার্ভিসের পরিচালক তাজুল ইসলাম জানান, গার্মেন্টস ভবনের আগুন নিয়ন্ত্রণে আসলেও কেমিক্যাল ভবনের আগুন এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তিনি বলেন, “আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা কাজ করছে। গার্মেন্টস ভবনে প্রবেশ করা গেলেও কেমিক্যাল গুদামের ভেতর প্রবেশ এখনো ঝুঁকিপূর্ণ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।”

অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতাল প্রাঙ্গণে স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। অনেকেই নিখোঁজ প্রিয়জনের ছবি হাতে নিয়ে ছুটছেন এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিটে রূপনগরের ওই গুদামে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট সকাল ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত করা যায়নি। তবে কেমিক্যালের উপস্থিতির কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা।








