পথে প্রান্তরে অনলাইন ডেস্ক:
রাজধানীর মিরপুরে পাহাড়ি জনগোষ্ঠীর জনপ্রিয় খাবারের রেস্টুরেন্ট ‘হেবাং’-এ হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম সমিতি, ঢাকা। সম্প্রতি চারজন চাকমা নারীর সম্মিলিত উদ্যোগে গড়ে ওঠা এই রেস্টুরেন্টে স্থানীয় কিছু যুবক হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (৪ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে সমিতির সভাপতি এ এইচ এম ফারুক, সিনিয়র সহ-সভাপতি মিতায়ন চাকমা এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ভূইয়া এ হামলার নিন্দা জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “সারা বিশ্বের প্রতিটি জাতির রয়েছে নিজস্ব খাদ্যাভাস, সংস্কৃতি ও ঐতিহ্য। তেমনি পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জাতিসত্তারও নিজস্ব সংস্কৃতি রয়েছে। এ রকম একটি সংস্কৃতিকে রাজধানীতে তুলে ধরার চেষ্টাই ছিল হেবাং রেস্টুরেন্টের উদ্যোগ।”
তারা আরও জানান, ২৬ জুলাই রেস্টুরেন্টটিতে হামলা চালায় কিছু উৎশৃঙ্খল যুবক। উদ্যোক্তাদের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা অভিযোগ করে—পাহাড়ি সংস্কৃতির খাবার রান্না করায় স্থানীয়রা বিরক্ত হচ্ছেন। এ প্রসঙ্গে সমিতির নেতারা বলেন, “এ ধরনের অভিযোগ সম্পূর্ণ অযৌক্তিক, চরম অসভ্যতা ও হিংসাত্মক আচরণের প্রতিফলন। অন্য জাতিগোষ্ঠীর খাদ্যাভ্যাস ও সংস্কৃতি নিয়ে কটাক্ষ করা সভ্য সমাজে কাম্য নয়।”
পার্বত্য চট্টগ্রাম সমিতি, ঢাকা রাষ্ট্রীয়ভাবে দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে।
সমিতির নেতারা স্পষ্ট করে জানান, “ঢাকায় বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর যে কোনো সমস্যা ও সংকটে পার্বত্য চট্টগ্রাম সমিতি সব সময় পাশে থাকবে।”








