বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসকন কী, এরা কারা? জানতে চায় হাইকোর্ট

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনার পর বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের সদস্যদের কার্যকলাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইসকনকে নিষিদ্ধ করার আবেদন করেছে আইনজীবী মনিরুজ্জামান।

বুধবার (২৭ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুবের বেঞ্চে এই আবেদনটি উঠলে রাষ্ট্রপক্ষের মতামত জানতে অ্যাটর্নি জেনারেলকে জরুরি ভিত্তিতে আদালতে ডেকে পাঠানো হয়।

অ্যাটর্নি জেনারেল আদালতে উপস্থিত হয়ে জানান, সারাদেশে এই ঘটনার প্রেক্ষিতে তারও হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। তবে তিনি আদালতের কাছে অনুরোধ করেন, বর্তমান সময়ে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেয়ার জন্য। তিনি আরও বলেন, সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ শুরু করেছে এবং এটি বর্তমানে সরকারের এক নম্বর এজেন্ডা।

হাইকোর্ট বেঞ্চ এর পরিপ্রেক্ষিতে জানতে চায়, “এরা কারা? এদের পরিচয় কী?” আদালত আরও প্রশ্ন তোলে, চট্টগ্রাম এবং রংপুরে এসব কী ঘটছে? অ্যাটর্নি জেনারেল সাড়া দিয়ে বলেন, এ বিষয়ে কাজ শুরু হয়েছে এবং বিস্তারিত প্রতিবেদন আগামীকাল আদালতে জমা দেয়া হবে।

হাইকোর্ট এরপর অ্যাটর্নি জেনারেলকে একদিনের সময় দিয়ে বলেন, আগামীকাল প্রতিবেদন জমা দিতে হবে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না ঘটে, সেদিকে খেয়াল রাখতে হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের প্রতি হামলা চালানোর পর ইসকন সদস্যদের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। এমনকি তাদের নিষিদ্ধের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ