জুলাই-আগস্ট মাসে ঘটে যাওয়া ‘হত্যা-গণহত্যার’ ঘটনায় দায়ের করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সহ মোট ১৯ জনকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
রোববার (২০ এপ্রিল) সকালে একে একে অভিযুক্তদের আদালতে নেওয়া হয়। বিচারক মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল বেঞ্চ এ বিষয়ে শুনানি করবেন। অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
অভিযুক্তদের তালিকায় রয়েছেন- শাজাহান খান, কামরুল ইসলাম, সাবেক সেনা কর্মকর্তা ফারুক খান, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এছাড়া, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং তৌফিক-ই-ইলাহী চৌধুরীকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
তালিকায় আরও আছেন- সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব জাহাঙ্গীর আলম, সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন এবং সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা জিয়াউল আহসান।
প্রসঙ্গত, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় এ ১৯ জনের বিরুদ্ধে শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।








