- (ফাইল ছবি)
নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার (২ জুলাই) আদালত অবমাননার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে, গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুলকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করে।
মামলার পূর্ণাঙ্গ শুনানির জন্য ট্রাইব্যুনাল অ্যামিকাস কিউরি হিসেবে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ ওয়াই মশিউজ্জামানকে নিয়োগ দেয়। প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানিতে এ অ্যামিকাস কিউরি অংশ নেবেন।
জুলাই গণঅভ্যুত্থানের ঘটনার প্রসঙ্গে দেওয়া মন্তব্যের কারণে শেখ হাসিনা ও শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে ৩০ এপ্রিল আদালত অবমাননার অভিযোগ দাখিল করেন চিফ প্রসিকিউটর। এরপর ট্রাইব্যুনাল অভিযোগ গ্রহণ করে ১৫ দিনের মধ্যে জবাব দিতে নির্দেশ দেন, কিন্তু অভিযুক্তরা কোনো জবাব দেননি।
প্রসিকিউশন জানায়, পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও তারা আদালতে উপস্থিত হননি এবং কোনো আইনজীবীর মাধ্যমে জবাব দেননি। এর ফলে, ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়।
একটি অডিও ক্লিপে শেখ হাসিনার কথাবার্তা ভাইরাল হয়, যেখানে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি।’ পরবর্তীতে পুলিশের ফরেনসিক পরীক্ষায় এই কথোপকথনের সত্যতা নিশ্চিত হয়।








