সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সাগর-রুনি হত্যা মামলার তদন্তে আরও ছয় মাস সময় দিল হাইকোর্ট

সাগর-রুনি হত্যা মামলার তদন্তে আরও ছয় মাস সময় দিল হাইকোর্ট

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ডের মামলার তদন্ত শেষ করতে আরও ছয় মাস সময় বাড়িয়েছে হাইকোর্ট। মঙ্গলবার (২২ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ এবং রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী শিশির মনির শুনানিতে অংশ নেন।

এর আগে ২০২৪ সালের অক্টোবর মাসে হাইকোর্টের নির্দেশে চার সদস্যের একটি উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠন করা হয়, যার নেতৃত্বে রয়েছেন পিবিআই প্রধান। এ টিমে একজন অতিরিক্ত ডিআইজি, সিআইডি ও র‌্যাবের প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট র‌্যাবকে এই মামলার তদন্ত থেকে বাদ দিয়ে অভিজ্ঞ বিভিন্ন বাহিনীর সদস্যদের নিয়ে একটি টাস্কফোর্স গঠনের নির্দেশ দেয়। একই সঙ্গে ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করার কথাও বলা হয়।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হন সাংবাদিক সাগর সরওয়ার ও মেহেরুন রুনি। সে সময় তাদের শিশু পুত্র মেঘ বাসায় উপস্থিত ছিল। হত্যার পর রুনির ভাই শেরেবাংলা থানায় মামলা করেন। প্রথমে তদন্তের দায়িত্ব থানাকে দেওয়া হলেও পরে তা ডিবি ও শেষে র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়। মামলায় আটজনকে গ্রেফতার করা হলেও দুজন জামিনে আছেন, বাকিরা এখনও কারাগারে রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ