চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি – উত্তর-দক্ষিণ) বিভাগের তৎপরতায় একটি অজ্ঞাতনামা দস্যুতা মামলার রহস্য উদঘাটন হয়েছে। অভিযান চালিয়ে তিন জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। একইসাথে প্রবাসীর লুন্ঠিত গুরুত্বপূর্ণ মালামালের একটি অংশ উদ্ধার করা হয়েছে।
মামলার ভুক্তভোগী মো. আব্দুল রাজ্জাক (৫২) একজন দুবাই প্রবাসী। গত ১৮ জুলাই ২০২৫ তারিখে তিনি চট্টগ্রাম আসেন। তার সঙ্গে আনুমানিক ১৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১০০ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বালা, ৫০ হাজার টাকা মূল্যের একটি ল্যাপটপ এবং ৬২ হাজার টাকা মূল্যের একটি আইফোন ১২ প্রো ম্যাক্স ছিল।
ঘটনার দিন রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে তিনি চট্টগ্রামের বিমানবন্দর থেকে সিএনজি অটোরিকশাযোগে খুলশী থানাধীন বেবি সুপার মার্কেট এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা ৩/৪ জন দুষ্কৃতকারী দেশীয় অস্ত্রের মুখে তাকে আটক করে। এরপর মারধর করে তার সঙ্গে থাকা মূল্যবান মালামাল ছিনিয়ে নেয়।
এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে খুলশী থানায় একটি লিখিত এজাহার দায়ের করলে মামলা রুজু হয়।
মামলার তদন্তে দায়িত্ব পায় ডিবি (উত্তর-দক্ষিণ) বিভাগের টিম-৫। এসআই মো. মহিউদ্দীন রাজুর নেতৃত্বে একটি চৌকস দল দ্রুত অভিযানে নামে। তারা ভুক্তভোগীর সঙ্গে কথা বলে, ঘটনাস্থল পরিদর্শন করে এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করে। পাশাপাশি তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করা হয়।
এরপর ২৩ জুলাই নগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে তিনজন আসামিকে গ্রেফতার করা হয়। তারা হলেন—
১. মোহাম্মদ আজম উদ্দীন (৩৮), পিতা: মৃত মৌলানা সালেহ আহমেদ, সাং: ধর্মপুর, থানা: ফটিকছড়ি, জেলা: চট্টগ্রাম
২. জসিম (৪৭), পিতা: আমিরুজ্জামান, সাং: কুলগাঁও, থানা: বায়েজিদ বোস্তামী, জেলা: চট্টগ্রাম
৩. মো. তারেক রহমান ওরফে তারেক (২৩), পিতা: মো. সিরাজুল হক, সাং: দক্ষিণ দিককূল, থানা: সদর, জেলা: কক্সবাজার; বর্তমানে: মোহরা, কালুরঘাট, থানা: চাঁদগাঁও, চট্টগ্রাম।
আসামিদের হেফাজত থেকে লুন্ঠিত মালামালের মধ্যে ভুক্তভোগীর পাসপোর্ট, খয়েরি রঙের মানিব্যাগসহ সংযুক্ত আরব আমিরাতের জাতীয় পরিচয়পত্র এবং দুবাই থেকে চট্টগ্রামগামী বিমান টিকিট উদ্ধার করা হয়েছে।
ডিবি পুলিশ জানিয়েছে, লুন্ঠিত বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।








