সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজধানীতে পৃথক অভিযানে ৬০ কেজি গাঁজাসহ ছয় মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর কাফরুল ও যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজা, একটি পিকআপ ও একটি মোটরসাইকেলসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মতিঝিল বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন—মো. মনিরুল ইসলাম ওরফে মনির (৩২), মো. ইসমাইল হোসেন ওরফে সাজু (৩০), রাকিব মিয়া (২২), আব্দুল কুদ্দুচ মন্ডল (৪৮), মো. সোহাগ হাওলাদার (৪২) এবং মো. আব্দুল্লাহ ওরফে উত্তম কুমার (২৪)।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৫ জুলাই) ভোর ৪টা ৪৫ মিনিটে কাফরুল থানা এলাকায় অভিযান পরিচালনা করে মনিরুল, ইসমাইল, রাকিব ও কুদ্দুচকে গ্রেফতার করে ডিবি মতিঝিল বিভাগের একটি বিশেষ দল। অভিযানে তাদের কাছ থেকে ৪০ কেজি গাঁজা, একটি পিকআপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

এরপর একই দিন সকাল ১০টা ৫০ মিনিটে যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে ডিবির আরেকটি দল। এতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার হয় সোহাগ হাওলাদার ও আব্দুল্লাহ।

ডিবির কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য। তারা হবিগঞ্জ, কুমিল্লা ও পার্বত্য অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ