নাসরিন সুলতানা, স্টাফ রিপোর্টার:
রাজধানীর পল্লবী এলাকায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৯ জুলাই) রাত ৮টার দিকে সিরামিক রোডে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম বলেন, “রাত ৮টার দিকে সিরামিক রোডে দাঁড়িয়ে থাকা বিহঙ্গ পরিবহনের একটি বাসে হঠাৎ আগুন লাগিয়ে দেয় কয়েকজন দুর্বৃত্ত। তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।”
ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান বিষয়টি নিশ্চিত করে বলেন, “নাশকতার উদ্দেশ্যেই এ অগ্নিসংযোগ ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
এ ঘটনায় আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ তদন্ত শুরু করেছে পুলিশ। ওসি শফিউল আলম জানান, ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের শনাক্তে কাজ চলছে।








