শাওন বণিক, স্টাফ রিপোর্টার
রাজধানীর মোহাম্মদপুরের কিশোর গ্যাং চাঁন গ্রুপের সেকেন্ড-ইন-কমান্ড মানিক (২১) এবং রাজীব (২০)-কে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুরের রায়েরবাজার কাটাসুর রহিম ব্যাপারী ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
রায়েরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এসআই নাজমুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে চাঁন গ্রুপের সদস্যরা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। এসময় হাতেনাতে মানিক ও রাজীবকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দুটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়েছে।
চাঁন গ্রুপের সেকেন্ড-ইন-কমান্ড মানিকের বিরুদ্ধে ৮টি এবং রাজীবের বিরুদ্ধে ২টি দস্যুতা ও ছিনতাই মামলা রয়েছে। এর আগে চাঁন গ্রুপের প্রধান কালাচানকেও ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছিল।
গ্রেপ্তার মানিক শরীয়তপুর জেলার ডামুড্যা থানার চর মারগাঁও গ্রামের সালামের ছেলে। বর্তমানে সে মোহাম্মদপুর রায়েরবাজার পুলপাড় এলাকায় বসবাস করছিল। অন্যদিকে রাজীব মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার বিক্রমপুর গ্রামের কুদ্দুসের ছেলে। সে মোহাম্মদপুর থানার রহিম ব্যাপারী ঘাট এলাকায় থাকত।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বুধবার আদালতে প্রেরণ করা হবে।
উল্লেখ্য, গত ২১ আগস্ট রায়েরবাজারের ইদ্রিস খান রোডের ক্যান্সার গলিতে অভিযান চালিয়ে চাঁন গ্রুপের প্রধান সোহেল ওরফে চাঁন ওরফে কালাচানকে (২৬) গ্রেপ্তার করে পুলিশ। তখন ডাকাতি ও ছিনতাই কাজে ব্যবহৃত ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছিল।
মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে এই গ্যাং।








