মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সীতাকুন্ডে নকল বৈদ্যুতিক ক্যাবল তৈরির কারখানায় র‍্যাব-৭ এর অভিযান

শাওন বনিক, স্টাফ রিপোর্টার:

চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার উত্তর সলিমপুর ইউনিয়নের আব্দুল্লাঘাট এলাকায় অবৈধ নকল বৈদ্যুতিক ক্যাবল উৎপাদনকারী তিনটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ক্যাবল জব্দ করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম। একইসঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানা তিনটিকে মোট ৮ লাখ টাকা জরিমানা ও সিলগালা করা হয়েছে।

র‍্যাব-৭, চট্টগ্রাম সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে কতিপয় অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে নকল বৈদ্যুতিক ক্যাবল উৎপাদন ও বাজারজাত করে আসছে। তথ্য যাচাই ও প্রস্তুতির পর আজ সোমবার (২১ জুলাই ২০২৫) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান এবং বিএসটিআই প্রতিনিধি দলের নেতৃত্বে র‍্যাব-৭, চট্টগ্রাম অভিযান পরিচালনা করে।

অভিযানে অংশ নেওয়া দল আব্দুল্লাঘাটের তিনটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল বৈদ্যুতিক ক্যাবল জব্দ করে এবং কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিটি কারখানাকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। একইসঙ্গে তিনটি কারখানাই সিলগালা করা হয়।

র‍্যাব জানিয়েছে, জব্দকৃত নকল ক্যাবলের বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমনে র‍্যাব-৭ এর অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এবং ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

র‍্যাব-৭ এর পক্ষ থেকে আরও বলা হয়, নকল বৈদ্যুতিক ক্যাবল ব্যবহার শুধু বৈদ্যুতিক দুর্ঘটনার ঝুঁকি বাড়ায় না, বরং এটি ভোক্তাদের ঠকানো ও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্যও হুমকিস্বরূপ। এ ধরনের অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ