২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল)। রাজধানীসহ দেশের বিভিন্ন কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্তভাবে আয়োজন নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করেছে।
বুধবার (৯ এপ্রিল) ডিএমপি কমিশনারের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৬ এর ২৮ ও ২৯ ধারা অনুযায়ী, পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে শুধুমাত্র পরীক্ষার্থী ও পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরাই প্রবেশ করতে পারবেন। অন্য কোনো ব্যক্তি বা জনসাধারণ সেখানে অবস্থান করতে পারবেন না।
এই নিষেধাজ্ঞা ১০ এপ্রিল থেকে পরীক্ষা চলাকালীন প্রতিদিন বলবৎ থাকবে।
এর আগে শিক্ষা বোর্ড থেকেও এসএসসি পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের সময়মতো কেন্দ্রে উপস্থিত হওয়া, ইলেকট্রনিক ডিভাইস না আনা এবং শৃঙ্খলা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের জন্য অভিভাবক, শিক্ষক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।








