,

বাইউস্টে জুলাই স্মরণসভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক:

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-তে ‘জুলাই স্মরণসভা’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইউস্টের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন, বিএসপি, পিএসসি।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত ও তরজমা পাঠ করেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ শাহনেওয়াজ মনির। এরপর ‘জুলাই অভ্যুত্থান’-এ সম্পৃক্ত শিক্ষার্থীদের মধ্য থেকে স্মৃতিচারণ করেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মোহাম্মদ তাসিন ওবায়দুল্লাহ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মোহাম্মদ ফারদিন ফারাজ এবং ইংরেজি বিভাগের শিক্ষার্থী আসমা আক্তার।

বক্তারা তাদের বক্তব্যে জুলাই আন্দোলনের পটভূমি তুলে ধরেন এবং শহীদ ও আহতদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। তারা বলেন, এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়া। বক্তারা আশা প্রকাশ করেন, এই চেতনা তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়বে এবং ভবিষ্যতের রাষ্ট্র গঠনে তা প্রেরণা হিসেবে কাজ করবে।

স্মরণসভায় পরে ‘জুলাই অভ্যুত্থান’ বিষয়ক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন, বিএসপি, পিএসসি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি বলেন, “দেশের প্রতিটি বড় পরিবর্তনে শিক্ষার্থীদের ভূমিকা ঐতিহাসিক। আমাদের সামনে এখনও অনেক পথ পাড়ি দেওয়ার বাকি। এখনই তরুণদের মানবিক বাংলাদেশ গড়ার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।” তিনি শিক্ষার্থীদের উদ্দেশে ‘মব ভায়োলেন্স’ থেকে বিরত থাকতে এবং কোনো ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল মোহাম্মদ ইফতেখারুল হক, পিএসসি (অব.), রেজিস্ট্রার লে. কর্নেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অব.), পরীক্ষা নিয়ন্ত্রক লে. কর্নেল শাব্বির আহমেদ সিদ্দিকী (অব.), বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিপুলসংখ্যক শিক্ষার্থী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইন বিভাগের প্রভাষক রাশপিয়াতুর রাশপি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ