,

রোমানিয়ার বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দেবে

পথে প্রান্তরে ডেস্ক 

রোমানিয়ার পেট্রোলিয়াম-গ্যাস বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ দূতাবাসের মধ্যে অ্যাকাডেমিক, গবেষণা ও সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতার অধীনে প্রতি বছর ৬ থেকে ১০ জন বাংলাদেশি শিক্ষার্থীকে পিএইচডি এবং মাস্টার্স প্রোগ্রামের বিভিন্ন বিভাগে বৃত্তি দেবে বিশ্ববিদ্যালয়টি।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বুখারেস্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন বাংলাদেশের রাষ্ট্রদূত শাহনাজ গাজী এবং রোমানিয়ার প্লয়েস্ত শহরে অবস্থিত পেট্রোলিয়াম-গ্যাস বিশ্ববিদ্যালয়ের রেক্টর ড. এলিন দিনিতা।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, সমঝোতা স্মারকের অধীনে প্রতি বছর ৬ থেকে ১০ জন বাংলাদেশি শিক্ষার্থীকে পিএইচডি এবং মাস্টার্স প্রোগ্রামের বিভিন্ন বিভাগে বৃত্তি দেওয়া হবে। উক্ত স্কলারশিপে টিউশন ফি মওকুফ, ফ্রি আবাসন সুবিধা এবং খাবারের জন্য আংশিক খরচ অন্তর্ভুক্ত থাকবে। তবে শিক্ষার্থীদের পূর্ববর্তী শিক্ষা অবশ্যই প্রকৌশলের বিভিন্ন বিভাগের অধীনে হতে হবে।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত শাহনাজ গাজী শিক্ষা সম্পর্ক জোরদারে প্রতিশ্রুতির জন্য রেক্টর ও তার দলের প্রশংসা করেন।

রাষ্ট্রদূত উল্লেখ করেন, রোমানিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা কেবল অ্যাকাডেমিক শ্রেষ্ঠত্বেই উপকৃত হবেন না, তারা দু’দেশের মধ্যে বন্ধুত্বের সেতুবন্ধন হিসেবেও কাজ করবেন।

পেট্রোলিয়াম-গ্যাস বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রোগ্রামের দৈর্ঘ্য ২ বছর এবং পিএইচডি প্রোগ্রামের সময়কাল সাড়ে ৪ বছর।

রাষ্ট্রদূত শাহনাজ গাজী বলেন, “বাংলাদেশের সঙ্গে রোমানিয়ার ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং দিন দিন সম্পর্কের কলেবর বাড়ছে। একইসঙ্গে বাংলাদেশে জ্বালানি, বিদ্যুৎ ও শক্তির ব্যবহার ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। টেকসই উন্নয়নের দিকে ধাবিত হতে আমাদের জন্য বিশেষায়িত শিক্ষার গুরুত্ব অপরিসীম। এই ক্ষেত্রে রোমানিয়ায় উচ্চশিক্ষা গ্রহণ করা বাংলাদেশের শিক্ষার্থীরা দেশের পরিবেশ রক্ষা ও শক্তি শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।”

আগামী ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে স্কলারশিপ প্রোগ্রামটি কার্যকর হবে। আবেদন প্রক্রিয়া আগামী এপ্রিল ২৬ থেকে শুরু হবে। মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে হলে প্রার্থীদের প্রকৌশলে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে এবং পিএইচডি প্রোগ্রামে আবেদন করতে হলে প্রকৌশলে মাস্টার্স ডিগ্রি আবশ্যক। এছাড়া আইইএলটিএস-এ ন্যূনতম ৬ স্কোর থাকতে হবে। স্কলারশিপ প্রোগ্রামের বিস্তারিত শীঘ্রই দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ