বিনোদন ডেস্ক
ব্যান্ড তারকা নগর বাউল মাহফুজ আনাম জেমস প্রকাশ করেছেন তার তৃতীয় বিয়ের খবর। একই সঙ্গে ৬১ বছর বয়সে পুত্রসন্তানের বাবা হওয়ার বিষয়টিও জানিয়েছেন এই কিংবদন্তি গায়ক।
জেমসের নতুন স্ত্রীর নাম নামিয়া আমিন। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। নামিয়া যুক্তরাষ্ট্রের জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক সম্পন্ন করেছেন।
বুধবার (২২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রীর পরিচয় প্রকাশ্যে এনে পুত্রসন্তানের বাবা হওয়ার খবর জানান জেমস। নবজাতকের নাম রাখা হয়েছে জিবরান আনাম।
পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেসের একটি অনুষ্ঠানে নামিয়া আমিনের সঙ্গে জেমসের পরিচয় হয়। সেই পরিচয় থেকেই শুরু হয় তাদের প্রেম। এক বছর পর ২০২৪ সালের ১২ জুন ঢাকায় পারিবারিক আয়োজনে বিয়ে সম্পন্ন হয় তাদের।

গত ৮ জুন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে রাত সাড়ে ৩টায় জন্ম নেয় জিবরান আনাম। সন্তান জন্মের সময় জেমসসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এক মাস যুক্তরাষ্ট্রে অবস্থানের পর নবজাতক ও স্ত্রীকে নিয়ে দেশে ফেরেন এই গায়ক।
এর আগে ১৯৯১ সালে অভিনেত্রী রথিকে বিয়ে করেছিলেন জেমস। সেই সংসারে তাদের দুই সন্তান রয়েছে। ২০০৩ সালে তাদের বিচ্ছেদ হয়। পরে ২০০০ সালে বেনজীর সাজ্জাদকে বিয়ে করেন তিনি; সেই সংসারে তাদের একটি কন্যাসন্তান জন্ম নেয়। ২০১৪ সালে জেমস ও বেনজীরের দাম্পত্য জীবনের ইতি ঘটে।
নতুন জীবনসঙ্গী ও সন্তানের খবর প্রকাশের পর জেমসের ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন ‘নগর বাউল’-এর টাইমলাইন।








