বিনোদন ডেস্ক
একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস) আয়োজিত ৯৮তম অস্কার আসরের জন্য বাংলাদেশের ৫টি সিনেমা রয়েছে মনোনয়নের দৌড়ে।
অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে অংশ নিতে বাংলাদেশি চলচ্চিত্র জমা দেওয়ার আনুষ্ঠানিক আহ্বানে নির্ধারিত সময়ের মধ্যে ৫টি সিনেমা জমা পড়েছে। বিষয়টি নিশ্চিত করেন অস্কার বাংলাদেশ কমিটির সমন্বয়ক আব্দুল্লাহ আল মারুফ।
তিনি জানান, বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস)-এর অফিস থেকে আগ্রহী চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজকরা ফরম সংগ্রহ ও জমাদানের মাধ্যমে সিনেমাগুলো জমা দিয়েছেন। ১৬ সেপ্টেম্বর ছিল জমা দেওয়ার শেষ তারিখ।
জমা পড়া সিনেমা পাঁচটি হলো—
- ‘সাবা’ (পরিচালক: মাকসুদ হোসাইন; প্রযোজনা: ফিউশন পিকচার)
- ‘বাড়ির নাম শাহানা’ (পরিচালক: লীসা গাজী; প্রযোজনা: কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড)
- ‘নকশিকাঁথার জমিন’ (পরিচালক: আকরাম খান; প্রযোজনা: টিএম ফিল্মস)
- ‘প্রিয় মালতী’ (পরিচালক: শঙ্খ দাশগুপ্ত; প্রযোজনা: ফ্রেম পার সেকেন্ড)
- ‘ময়না’ (পরিচালক: মনজুরুল ইসলাম মেঘ; প্রযোজনা: জাজ মাল্টিমিডিয়া)
এই ৫টি সিনেমার মধ্য থেকে একটি চলচ্চিত্র পাঠানো হবে ৯৮তম অস্কারে।
একাডেমি কর্তৃক নির্ধারিত নিয়ম অনুযায়ী, বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস)-এর তত্ত্বাবধানে ড. মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে ‘অস্কার বাংলাদেশ কমিটি’ এন্ট্রি আমন্ত্রণ ও পর্যালোচনার দায়িত্ব পালন করছে। নির্বাচিত ছবিটি চলচ্চিত্রের বৈশ্বিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে।
অস্কার বাংলাদেশ কমিটির সমন্বয়ক আব্দুল্লাহ আল মারুফ জানান, জমা পড়া পাঁচটি সিনেমাকে বিচার-বিশ্লেষণ করে সর্বসম্মতিক্রমে একটি সিনেমাকে অস্কারে পাঠানোর জন্য মনোনীত করা হবে। নির্বাচন কমিটি সিদ্ধান্ত গ্রহণের পর আগামী ২৭ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে এ মনোনয়ন ঘোষণা করবে।








