নাসরিন সুলতানা, স্টাফ রিপোর্টার
চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর মামলার তার মায়ের করা রিভিশন আবেদনের শুনানি সোমবার (১৩ অক্টোবর) শেষ হয়েছে। শুনানি শেষে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক আগামী ২০ অক্টোবর রায় ঘোষণার জন্য দিন ধার্য করেছেন।
এদিন রিভিশন আবেদনের পক্ষে শুনানি করেন সালমান শাহর মায়ের আইনজীবী মো. ওবায়দুল্লাহ। বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, “আমরা মামলার কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট চেয়ে রিভিশন দায়ের করেছি। ২০২২ সাল থেকে শুনানি চলছিল। আজ শুনানি শেষ হয়েছে। আমরা শতভাগ আশাবাদী যে, আদালত আমাদের রিভিশন মঞ্জুর করবেন এবং মামলাটি পুনঃতদন্তে যাবে।”
শুনানি শেষে সালমান শাহের ভক্তরা হত্যার বিচারের দাবিতে আদালতপাড়ায় মানববন্ধন করেন।
চিত্রনায়ক সালমান শাহ (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের ফ্ল্যাটে মারা যান। মৃত্যুর পর প্রথমে তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী অপমৃত্যুর মামলা করেন। পরে হত্যা করা হয়েছে অভিযোগ করে ১৯৯৭ সালের ২৪ জুলাই মামলা পুনঃনির্ধারণের আবেদন জানান।
সিআইডি ১৯৯৭ সালের ৩ নভেম্বর তদন্তের প্রতিবেদন আদালতে দাখিল করে, যাতে বলা হয় সালমান শাহ ‘আত্মহত্যা’ করেছেন। তবে পরিবারের পক্ষ থেকে প্রতিবেদন প্রত্যাখ্যান করে রিভিশন মামলা করা হয়। পরবর্তীতে মামলা বিচার বিভাগীয় তদন্তে পাঠানো হয় এবং ২০১৪ সালে মহানগর হাকিম ইমদাদুল হক হত্যার অভিযোগ নাকচ করেন।
সালমান শাহর বাবার মৃত্যুর পর তার মা নীলা চৌধুরী মামলাটি চালিয়ে যান। তিনি ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি ১১ জনের নাম উল্লেখ করে দাবি করেন, তারা তার ছেলেকে হত্যার সঙ্গে জড়িত থাকতে পারেন। এরপর মামলাটি র্যাব ও পিবিআই তদন্তের মাধ্যমে বহুবার পুনঃতদন্ত করা হয়।
পিবিআই প্রতিবেদন ২০২০ সালে জানায়, ঘটনার সময় উপস্থিত ৫৪ জন সাক্ষীর জবানবন্দি বিশ্লেষণ এবং জব্দ আলামত পর্যালোচনা করে হত্যার কোনো প্রমাণ পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়, পারিবারিক কলহ ও মানসিক যন্ত্রণায় সালমান শাহ আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন।
২০২১ সালের ৩১ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামলায় আসামিদের অব্যাহতির আদেশ দেন। এরপর পরিবারের পক্ষ থেকে কিছু বিষয় নিয়ে মহানগর দায়রা জজ আদালতে রিভিশনের আবেদন করা হয়, যার শুনানি শেষ হয়েছে। রায় ঘোষণার দিন ধার্য আগামী ২০ অক্টোবর।








