বিনোদন ডেস্ক
বলিউডের বরেণ্য অভিনেত্রী ও জনপ্রিয় নৃত্যশিল্পী মধুমতী আর নেই। বুধবার (১৫ অক্টোবর) ঘুমের মধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। খবরটি নিশ্চিত করেছে ভারতের শীর্ষ গণমাধ্যম পিঙ্কভিলা এবং হিন্দুস্তান টাইমস।
বুধবার বিকেলে মুম্বাইয়ের বুওশিওয়ারা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। প্রয়াত এই শিল্পীর মৃত্যুতে বলিউড অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। বিন্দু দারা সিং, অক্ষয় কুমার, চাঙ্কি পান্ডে, জসবিন্দ্র নরুলাসহ একাধিক তারকা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন। অভিনয় ও নৃত্য প্রশিক্ষক হিসেবেও মধুমতীর খ্যাতি ছিল, ফলে তার অসংখ্য ছাত্রছাত্রী শিল্পীর মৃত্যুতে গভীর শোকাহত।
মধুমতীর আসল নাম ছিল হুটোক্সি রিপোর্টার। তিনি ধর্মেন্দ্র, দিলীপ কুমার, জিতেন্দ্রর মতো স্বর্ণযুগের কিংবদন্তি অভিনেতাদের সঙ্গে অভিনয় করেছেন। চলচ্চিত্রে তার অসামান্য অবদান ও নৃত্যশৈলীর জন্য তিনি বলিউডে বিশেষ মর্যাদা অর্জন করেন। অনেকেই তাকে সোনালী যুগের অপর কিংবদন্তি পারফর্মার হেলেনের সঙ্গে তুলনা করতেন।
‘আঁখে’, ‘টাওয়ার হাউস’, ‘শিকারি’, ‘মুঝে জিনে দো’সহ অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের হৃদয়ে স্থায়ী আসন করে নেন। অভিনয়ের পাশাপাশি তার চঞ্চল নৃত্যভঙ্গি এবং কারিগরি দক্ষতা তাকে ভারতীয় চলচ্চিত্রে অনন্য উচ্চতায় পৌঁছে দেয়।
১৯৩৮ সালে জন্মগ্রহণ করা মধুমতী ১৯৫৭ সালে মারাঠি চলচ্চিত্রে নৃত্যশিল্পী হিসেবে তার অভিনয়যাত্রা শুরু করেন। ছোটবেলা থেকেই নাচের প্রতি ছিল তার প্রবল আগ্রহ। তিনি ভরতনাট্যম, কত্থক, কথাকলি ও মণিপুরি নৃত্যকলায় প্রশিক্ষণ নিয়েছিলেন।
বলিউডের স্বর্ণযুগের এই কিংবদন্তি শিল্পীর মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গন এক উজ্জ্বল নক্ষত্র হারাল।








