বিনোদন ডেস্ক:
বিশ্বসংগীতের মঞ্চে এক অনন্য কৃতিত্বের মালা পরলেন ভারতের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। আন্তর্জাতিক মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই-এ সবচেয়ে বেশি ফলোয়ার থাকা শিল্পী এখন তিনিই। পিছনে ফেলেছেন টেলর সুইফট, এড শিরান, বিলি আইলিশ, দ্য উইকএন্ড এবং বিটিএস-এর মতো বিশ্বখ্যাত তারকাদের।
২০২৪ সালে স্পটিফাইয়ে অরিজিৎ সিংয়ের ফলোয়ার ছিল প্রায় ১১৮ মিলিয়ন (১১.৮ কোটি)। ২০২৫ সালের জুলাইয়ের শুরুতে তা বেড়ে দাঁড়িয়েছে ১৫১ মিলিয়ন (১৫.১ কোটি)। যা তাকে এনে দিয়েছে বিশ্বের শীর্ষস্থান।
অন্যদিকে বর্তমান সময়ে টেলর সুইফটের ফলোয়ার সংখ্যা ১৩৯ মিলিয়ন, এড শিরানের ১২১ মিলিয়ন, বিলি আইলিশের ১১৪ মিলিয়ন, দ্য উইকএন্ডের ১০৭.২ মিলিয়ন এবং বিটিএসের ৮০ মিলিয়ন।
এই নিয়ে তৃতীয়বারের মতো এমন আন্তর্জাতিক রেকর্ড গড়লেন অরিজিৎ, যা বিশ্বসংগীতে ভারতীয় শিল্পীদের অবস্থানকে আরও উজ্জ্বল করে তুলেছে।
১৯৮৭ সালের ২৫ এপ্রিল, ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জন্ম অরিজিৎ সিংয়ের। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি তার অনুরাগ। সংগীতপ্রেমী মা আর পরিবারিক পরিবেশেই গানের প্রতি ভালোবাসার বীজ বপিত হয়। শাস্ত্রীয় সংগীতের তালিম নেন বিখ্যাত হাজারি ব্রাদার্সদের কাছে।
২০০৫ সালে রিয়েলিটি শো ‘ফেম গুরুকুল’-এর মাধ্যমে প্রথমবারের মতো টেলিভিশনের পর্দায় আসেন অরিজিৎ। তবে বলিউডে তার ভাগ্য খুলে যায় ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আশিকী ২’-এর বিখ্যাত গান ‘তুম হি হো’-এর মাধ্যমে। এরপর আর ফিরে তাকাতে হয়নি।
তার গাওয়া জনপ্রিয় গানের তালিকায় রয়েছে— ‘চন্না মেরেয়া’, ‘আগার তুম সাথ হো’, ‘রাআবতা’, ‘গেরুয়া’, ‘কালাঙ্ক’, আরও বহু হৃদয় ছুঁয়ে যাওয়া গান। অরিজিৎয়ের গায়কিতে আবেগ, স্নিগ্ধতা এবং গভীরতার অপূর্ব মেলবন্ধন শ্রোতাদের মন জয় করে নিয়েছে বারবার।
শুধু অরিজিৎ নন, বলিউডের আরেক কিংবদন্তি সংগীত পরিচালক এআর রহমানও রয়েছেন স্পটিফাইয়ের শীর্ষ ২০ তালিকায়। তার ফলোয়ার সংখ্যা বর্তমানে ৪৯ মিলিয়ন।
এই অর্জন শুধু অরিজিৎ সিংয়ের ব্যক্তিগত সাফল্য নয়, বরং ভারতীয় সংগীতশিল্পের জন্যও এক বড় অর্জন।








