বিনোদন ডেস্ক:
রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিতব্য ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল আন্তারিজ’-এ নির্বাচিত হয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সোল মেট’।
উৎসবের ‘ডকুমেন্টারি ফিল্ম’ বিভাগে প্রতিযোগিতায় অংশ নেবে চার মিনিট দৈর্ঘ্যের এই সিনেমাটি। এটি নির্মাণ করেছেন আদেল ইমাম অনুপ, যিনি এই চলচ্চিত্রের মাধ্যমেই পরিচালনায় অভিষেক করেছেন।
আগামী ৬ আগস্ট শুরু হয়ে উৎসবটি চলবে ১০ আগস্ট পর্যন্ত। এবারের আসরে ২৯টি দেশের মোট ১০৪টি ফিচার ফিল্ম, শর্ট ফিল্ম এবং ডকুমেন্টারি অংশ নিচ্ছে।
নির্মাতা আদেল ইমাম অনুপ বলেন, “একজন স্বাধীন নির্মাতা হিসেবে আমার প্রথম চলচ্চিত্র আন্তর্জাতিক কোনো উৎসবে স্থান পাওয়া নিঃসন্দেহে গর্বের বিষয়। নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও কিছু মানুষ আমার ওপর আস্থা রেখে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।”
‘সোল মেট’ মূলত একটি জোড়া জুতার গল্প। যদি জুতা কথা বলতে পারত, তবে সে কী বলত, তার অনুভূতি কেমন হতো—এই ভাবনাকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে ছবিটি।
চলচ্চিত্রটিতে কোনো মানুষের মুখ দেখা যায় না। শুধুমাত্র পায়ের দৃশ্যের মাধ্যমে গল্পটি তুলে ধরা হয়েছে। পুরো সিনেমার কাহিনি বর্ণনা করা হয়েছে ভয়েস ওভারের মাধ্যমে, যেখানে কণ্ঠ দিয়েছেন রেজওয়ান কবির কল্লোল।
গল্প লিখেছেন আদেল ইমাম অনুপ ও রেজওয়ান কবির কল্লোল। চিত্রনাট্য করেছেন শেখ কোরাশানী, সিনেমাটোগ্রাফি ও সম্পাদনায় ছিলেন আসাদুজ্জামান আবীর, এবং সহকারী সিনেমাটোগ্রাফার ছিলেন ফজলে রাব্বী।








