পথে প্রান্তরে ডিজিটাল ডেস্ক:
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। স্বাধীনতা-পরবর্তী সময়ের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনাগুলোর একটি এটি। মর্মান্তিক এই ঘটনায় গভীর শোক ও সহানুভূতি জানিয়েছেন দেশের প্রখ্যাত ব্যান্ড তারকা জেমস ও তার ব্যান্ড দল ‘নগর বাউল’।
এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে একটি বিশেষ উদ্যোগ নিয়েছে জেমসের কনসার্ট আয়োজকরা। তারা জানিয়েছে, জেমসের যুক্তরাষ্ট্র সফরে আয়োজিত একটি কনসার্টের আয় থেকে একটি অংশ ব্যয় করা হবে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত ও আহতদের পরিবারগুলোর সহায়তায়।
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন নগর বাউলের ভোকাল ফারুক মাহফুজ আনাম জেমস। সেখানে তিনি ইতোমধ্যেই বেশ কয়েকটি কনসার্ট করেছেন এবং আরও কিছু অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে। এর মধ্যে আগামী ২৫ জুলাই যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নগর বাউল জেমস লাইভ ইন ফিলাডেলফিয়া’ কনসার্ট, যা আয়োজন করছে রিভারাইন এন্টারটেইনমেন্ট।
এই আয়োজক প্রতিষ্ঠান তাদের ফেসবুক পেজে এক পোস্টে জানিয়েছে, “ঢাকার মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানিতে আমরা শোকাহত। সহমর্মিতার প্রতীক হিসেবে কনসার্টের টিকিট বিক্রির একটি অংশ সরাসরি দেওয়া হবে মাইলস্টোন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সহায়তায়। আসুন, আমরা এক হই—সংগীতের জন্য, আরোগ্যের জন্য, ঐক্যের জন্য এবং সেই ভবিষ্যতের জন্য, যারা আজ সবচেয়ে বেশি আমাদের প্রয়োজন।”
এই ঘটনার পর জেমস নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি শোকবার্তা প্রকাশ করেছেন। তিনি লেখেন, “এই ভয়াবহ দুর্ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত ও শোকাহত। মাইলস্টোন কলেজের সেই অমূল্য শিক্ষার্থীদের প্রতি আমাদের গভীর সমবেদনা, যাদের উজ্জ্বল ভবিষ্যৎ অকস্মাৎ থেমে গেল। আহত শিক্ষার্থীরা ও তাদের পরিবার যে দুঃসহ সময় পার করছেন, আমাদের প্রার্থনা তাদের সঙ্গেই রয়েছে।”
জেমস আরও বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও অন্যান্য উদ্ধারকর্মীদের প্রতি আমরা কৃতজ্ঞ, যারা দ্রুত ও সাহসিকতার সঙ্গে উদ্ধার তৎপরতা চালিয়েছেন। নিহতদের আত্মার শান্তি, আহতদের দ্রুত আরোগ্য এবং শোকাহত পরিবারগুলোর প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। মাইলস্টোন কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও পরিবারগুলোর পাশে আছে আমাদের পুরো দল।”
জেমসের পরবর্তী কনসার্ট অনুষ্ঠিত হবে আগামী ২ আগস্ট, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার উডব্রিজে ‘ফ্রিডম হাই স্কুল’-এর অডিটোরিয়ামে। এ আয়োজনে তার সঙ্গে একই মঞ্চে থাকবেন জনপ্রিয় দুই গায়ক ও আপন ভাই প্রতীক হাসান ও প্রীতম হাসান। তারা বর্তমানে যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন।
এই কনসার্টের আয়োজন করছে স্বাধীন বাংলাদেশ কালচারাল অর্গানাইজেশন ইউএসএ, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি এবং একাত্তর ফাউন্ডেশন। সফর শেষে সেপ্টেম্বর মাসে দেশে ফেরার কথা রয়েছে জেমসের।
বর্তমানে নগর বাউলের সদস্যরা হলেন:
- ফারুক মাহফুজ আনাম জেমস (ভোকাল)
- আহসান এলাহী ফান্টি (ড্রামস)
- সুলতান রায়হান খান (গিটার)
- তালুকদার সাব্বির (বেজ গিটার)
এই উদ্যোগ শুধুই সংগীত আয়োজন নয়—এটি শোককে শক্তিতে রূপান্তরের একটি মানবিক প্রয়াস।








