বিনোদন ডেস্ক:
বক্স অফিসে আলোড়ন তুলেছে সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সাইয়ারা’। ভালোবাসার গল্পে ভরপুর এই ছবিটি দেখতে গিয়ে দর্শকদের মনে যেন নতুন করে প্রেমে পড়ার অনুভূতি তৈরি হয়েছে। ছবির মুখ্য চরিত্রে রয়েছেন দুই নবাগত—নায়ক অহান পাণ্ডে এবং এক নতুন মুখ। জনপ্রিয় কোনো তারকা ছাড়াই এমন সাফল্য নজর কেড়েছে সবার।
তবে সিনেমার পাশাপাশি আলোচনায় উঠে এসেছেন নায়ক অহান পাণ্ডেও। অভিনয়ের দক্ষতায় যেমন প্রশংসা কুড়িয়েছেন, তেমনি ব্যক্তিগত জীবন ঘিরেও তৈরি হয়েছে চর্চা। বলিপাড়ার অন্দরের খবর, অনন্যা পাণ্ডের চাচাতো ভাই অহান এক সময় সম্পর্কে ছিলেন শাহরুখ খান ও গৌরী খানের কন্যা সুহানা খানের সঙ্গে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি পুরোনো ভিডিও, যা সেই সম্পর্কের গুঞ্জনকে আরও জোরদার করেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, সুহানা ও অহান একসঙ্গে রয়েছেন এবং ছবি তুলতে আসা পাপারাজ্জিদের থেকে নিজেকে আড়াল করার চেষ্টা করছেন। ভিডিওর লোকেশন দেখে অনুমান, এটি কোনো সিনেমা হলের বাইরে ধারণ করা হয়েছিল। ক্যামেরার ফ্ল্যাশ দেখে স্পষ্ট, দু’জনই হকচকিয়ে গিয়েছিলেন।
ভিডিওটি সামনে আসতেই নেটিজেনদের জল্পনা—আসলেই কি সম্পর্ক ছিল সুহানা ও অহানের মধ্যে? যদিও এ বিষয়ে এখনো কেউ প্রকাশ্যে মুখ খোলেননি। তবে পুরোনো এই মুহূর্ত আবারও উঠে আসায় বলিপাড়ায় গুঞ্জনের পারদ চড়ছেই।








