বিনোদন ডেস্ক:
আন্তর্জাতিক মহলে প্রশংসিত ও বহু পুরস্কারে সম্মানিত চলচ্চিত্র ‘অন্যদিন…’ অবশেষে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। নির্মাতা কামার আহমাদ সাইমনের পরিচালনায় আলোচিত এই সিনেমাটি ১১ জুলাই থেকে টানা সাতদিন দেশের বিভিন্ন সিনেমা হলে প্রদর্শিত হবে।
২০১৭ সালে বিশ্বখ্যাত কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশন “সিনেফঁদাসিও” বিভাগে জায়গা করে নেয় ‘অন্যদিন…’। এর আগেই ২০১৬ সালে সুইজারল্যান্ডের লোকার্নোর পিয়াতজা গ্রান্দায় বাংলাদেশের প্রথম নির্মাতা হিসেবে কামার পেয়েছিলেন ‘ফিচারড ডিরেক্টর’-এর সম্মাননা। একই সিনেমার জন্য তিনি ফ্রান্সের সম্মানজনক আর্তে ইন্টারন্যাশনাল প্রাইজও অর্জন করেন।
(অন্যদিন সিনেমার একটি দৃশ্য)
‘অন্যদিন…’ সিনেমাটি ২০১৪ সালে সানড্যান্স থেকে অর্জন করে ‘গ্রান্ট অ্যাওয়ার্ড’। আর ২০২১ সালে নেদারল্যান্ডসের আমস্টারডামে আয়োজিত বিশ্বের অন্যতম প্রভাবশালী ডকুমেন্টারি উৎসব আইডফার মূল প্রতিযোগিতা বিভাগে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। ২০২২ সালে যুক্তরাষ্ট্রের ক্যামডেন ফিল্ম ফেস্টিভালে ‘হ্যারেল অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিচার’সহ একাধিক পুরস্কার লাভ করে ছবিটি।
ছবির নির্মাতা কামার আহমাদ সাইমন বলেন, “একটা ছবিকে গায়েব করা মানে একজন নির্মাতাকে গুম করে দেওয়া।”
তিনি আরও জানান, ২০২৩ সালের মে মাসে সিনেমাটি সেন্সর বোর্ডে (বর্তমানে সার্টিফিকেশন বোর্ড) জমা দেওয়া হলেও তখনকার সরকার ছবির রাজনৈতিক বক্তব্য ও সামাজিক বার্তার কারণে আপত্তি তোলে। ফলে ‘অন্যদিন…’ দীর্ঘদিন আটকে ছিল।
২০২৪ সালের ২২ সেপ্টেম্বর রাজনৈতিক পটপরিবর্তনের পর ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ গঠন করে অন্তর্বর্তী সরকার। চলতি বছরের মার্চে অবশেষে ছবিটি ছাড়পত্র পায়।
ছবিটি মুক্তির প্রসঙ্গে কামার আহমাদ সাইমন বলেন, “২০২৪ সালের জুলাইয়ের আগে সিনেমাটি দেখানোয় নিষেধাজ্ঞা ছিল। তখন ঠিক করেছিলাম, আর কোনো ছবি বানাব না। কিন্তু এই জুলাই এসে সব পাল্টে দিল। তাই ঠিক করলাম, এই মাসকেই উৎসর্গ করব ‘অন্যদিন…’–কে।”
ছবিটি প্রযোজনা করেছেন সারা আফরীন।
দর্শকের বহু প্রতীক্ষিত এই চলচ্চিত্রটি অবশেষে প্রেক্ষাগৃহে আসায় নতুন উদ্দীপনা তৈরি হয়েছে দেশের সিনেমাপ্রেমীদের মাঝে।








