শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৯০-এর দশকের ‘সোহরাব রুস্তম’-খ্যাত জনপ্রিয় নায়িকা বনশ্রী আর নেই

পথে প্রান্তরে ডেস্ক

বাংলা চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়িকা সাহিনা শিকদার বনশ্রীর জীবনের অবসান হয়েছে মাদারীপুরের শিবচরে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন এ অভিনেত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

বনশ্রীর চলচ্চিত্র জীবন শুরু হয় বরিশালের গৌরনদী উপজেলার বাসিন্দা প্রযোজক ফারুক ঠাকুরের ‘সোহরাব রুস্তম’ সিনেমার মাধ্যমে। অল্প সময়েই তিনি দর্শকের হৃদয় জয় করেছিলেন। নব্বই দশকে একাধিক হিট সিনেমায় অভিনয় করে তিনি আলোচনায় আসেন। তবে অসুস্থতা ও আর্থিক সংকটের কারণে ধীরে ধীরে আড়ালে চলে যান এই নায়িকা।

জীবনের শেষ সময়ে তিনি ভুগছিলেন হৃদরোগ, ডায়াবেটিস ও শ্বাসকষ্টে। প্রায় চোখের দৃষ্টি হারিয়েছিলেন। অভাব-অনটনে জর্জরিত জীবনে বনশ্রী চিকিৎসার জন্য বিভিন্ন গ্রামে ভিক্ষা করে ওষুধ সংগ্রহ করতেন। মৃত্যুর কিছুদিন আগে দেশের বিত্তবান ও চলচ্চিত্র অঙ্গনের কাছে সহযোগিতা চাইলেও তেমন কোনো সাড়া পাননি।

শিবচর থানার পাঁচ্চর এলাকার একটি সরকারি গুচ্ছগ্রামের ছোট্ট ঘরেই ছিল তার শেষ আশ্রয়। রান্না করতে না পারায় মাঝে মধ্যেই প্রতিবেশীদের কাছে খাবার চাইতে হতো। অভিযোগ রয়েছে, ঢাকায় থাকা একমাত্র ছেলে মায়ের খোঁজখবর নিতেন না।

একসময় লাখো দর্শকের প্রিয় এই অভিনেত্রীর জীবনের শেষ অধ্যায় কেটেছে একাকিত্ব ও মানবেতর কষ্টে। চলচ্চিত্র অঙ্গনের উজ্জ্বল নক্ষত্রের এমন পরিণতি শুধু সিনেমাপ্রেমীদের নয়, সমগ্র সংস্কৃতি অঙ্গনের জন্যই এক বেদনাদায়ক অধ্যায় হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ