রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ফাইজারের কোভিড টিকা চোখের ক্ষতি করতে পারে: গবেষকদের সতর্কতা

স্বাস্থ্য ডেস্ক:

ফাইজারের কোভিড-১৯ টিকা দৃষ্টিশক্তির জন্য ঝুঁকি তৈরি করতে পারে—এমন সতর্কতা দিয়েছেন গবেষকরা। তাদের দাবি, টিকাটি বিশেষ করে কর্নিয়ায় প্রভাব ফেলতে পারে, যা ভবিষ্যতে চোখের স্বাভাবিক কার্যকারিতাকে বিঘ্নিত করতে পারে। সম্প্রতি একটি গবেষণায় এই তথ্য উঠে এসেছে, যা প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল

তুরস্কের গবেষকরা ৬৪ জন অংশগ্রহণকারীর চোখ পরীক্ষা করেন—যারা ফাইজারের টিকার প্রথম ডোজ নেওয়ার আগে ও দ্বিতীয় ডোজ নেওয়ার দুই মাস পর পর্যবেক্ষণের আওতায় ছিলেন। গবেষণায় কর্নিয়ার গঠন ও কোষের পরিবর্তনের ওপর বিশেষভাবে নজর দেওয়া হয়।

গবেষণায় দেখা যায়, টিকার দুই ডোজ নেওয়ার পর কর্নিয়ার পুরুত্ব প্রায় ২ শতাংশ বেড়ে ৫২৮ মাইক্রোমিটার থেকে ৫৪২ মাইক্রোমিটারে পৌঁছায়। সেই সঙ্গে কর্নিয়ার এন্ডোথেলিয়াল কোষের সংখ্যা প্রতি বর্গমিলিমিটারে ২ হাজার ৫৯৭ থেকে কমে দাঁড়ায় ২ হাজার ৩৭৮—যা প্রায় ৮ শতাংশ হ্রাস।

এই কোষগুলো কর্নিয়ার স্বচ্ছতা বজায় রাখতে সহায়তা করে। সংখ্যায় এই হ্রাস এখনো নিরাপদ সীমার মধ্যে থাকলেও, যাদের চোখ আগে থেকেই দুর্বল বা অস্ত্রোপচার করা হয়েছে, তাদের জন্য এটি উদ্বেগের কারণ হতে পারে।

এছাড়া, এন্ডোথেলিয়াল কোষের স্বাভাবিক ছয়কোনা গঠনের হারও কিছুটা কমে আসে—৫০ শতাংশ থেকে ৪৮ শতাংশে। একই সঙ্গে কোষের আকৃতি ও আকারে অস্বাভাবিকতা নির্দেশকারী ‘কোইফিসিয়েন্ট অব ভ্যারিয়েশন’ বেড়ে যায় ৩৯ থেকে ৪২-এ।

গবেষকরা মনে করছেন, এই পরিবর্তনগুলো কোষে চাপ, প্রদাহ বা কোষমৃত্যুর ইঙ্গিত দেয়। যদিও এখনই দৃষ্টিশক্তিতে কোনো সমস্যা দেখা যায়নি, তবে দীর্ঘমেয়াদে প্রভাব পড়তে পারে কিনা, তা নিশ্চিত হতে আরও গবেষণার প্রয়োজন।

অংশগ্রহণকারীদের চোখে টিকা নেওয়ার আগে ও পরে কর্নিয়ার পুরুত্ব, কোষের স্বাস্থ্য ও গঠন ‘টোমে ইএম-৪০০০ স্পেকুলার মাইক্রোস্কোপ’ এবং কর্নিয়াল টোপোগ্রাফির মাধ্যমে পরিমাপ করা হয়। পাশাপাশি চোখের দৃষ্টি, চাপ ও সামগ্রিক স্বাস্থ্যও পরীক্ষা করা হয়।

গবেষকেরা এখনই টিকা না নেওয়ার কোনো সুপারিশ করেননি। তবে যাঁদের চোখে আগে থেকেই সমস্যা আছে—যেমন অস্ত্রোপচার হয়েছে বা কর্নিয়া প্রতিস্থাপন করা হয়েছে—তাঁদের জন্য কর্নিয়ার অবস্থা নিয়মিত পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ