,

কলকাতায় গোপন ‘পার্টি অফিস’ খুলেছে আওয়ামী লীগ

পথে প্রান্তরে অনলাইন ডেস্ক:

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার এক বাণিজ্যিক কমপ্লেক্সে গোপনে কার্যক্রম চালাচ্ছে আওয়ামী লীগের নতুন ‘পার্টি অফিস’। ব্যস্ততম এলাকার এই কমপ্লেক্সে কয়েক মাস ধরে এমন কিছু ব্যক্তির আনাগোনা বেড়েছে, যাদের আগে দেখা যেত না। স্থানীয়রা তাদের চেনেন না, তবে তাদের অনেকেই এক বছর আগেও বাংলাদেশের ক্ষমতাসীন দলের শীর্ষ বা মধ্যম স্তরের নেতা ছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর ভারতে অবস্থানরত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা শুরুতে নিজেদের বাসাবাড়িতে ছোটখাটো বৈঠক ও দপ্তরের কাজ চালাতেন। বড় বৈঠকের জন্য ভাড়া নিতেন রেস্তোরাঁ বা ব্যাংকয়েট হল। তাই একটি স্থায়ী জায়গার প্রয়োজনীয়তা থেকেই গড়ে ওঠে এই ‘পার্টি অফিস’।

বাণিজ্যিক কমপ্লেক্সটির করিডোরে অন্যান্য দপ্তরের মাঝেই রয়েছে প্রায় ২,৫০০-২,৬০০ বর্গফুটের এই অফিস। বাইরে থেকে বা উঁকি দিয়েও বোঝা যায় না যে, এটি আওয়ামী লীগের দপ্তর। কোনো সাইনবোর্ড, শেখ হাসিনা বা বঙ্গবন্ধুর ছবি নেই। এক নেতা জানান, ইচ্ছাকৃতভাবেই অফিসের পরিচিতি গোপন রাখা হয়েছে। দলীয় নথিপত্রও এখানে সংরক্ষণ করা হয় না। পুরনো ভাড়াটিয়ার ফেলে যাওয়া চেয়ার-টেবিলই ব্যবহার করা হচ্ছে। এখানে ৩০-৩৫ জনের বৈঠক হয়, যদিও বসতে কিছুটা চাপাচাপি করতে হয়। বড় বৈঠকের জন্য ভাড়া নেওয়া হয় রেস্তোরাঁ বা ব্যাংকয়েট হল।

২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বহু শীর্ষ নেতা, সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, জেলা সভাপতি-সম্পাদক, উপজেলা চেয়ারম্যান ও মেয়র কলকাতা ও আশপাশে বসবাস শুরু করেছেন। এর মধ্যে অনেকে সপরিবারে, আবার কেউ কয়েকজন মিলে ফ্ল্যাট ভাড়া নিয়েছেন। বর্তমানে দ্বাদশ সংসদের প্রায় ৮০ জন সদস্য এবং আগের সংসদের ১০-১২ জন সাবেক সদস্য কলকাতায় রয়েছেন বলে দলের সূত্রে জানা গেছে। কিছু নেতা কলকাতা হয়ে যুক্তরাষ্ট্র, কানাডা বা অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছেন।

সহযোগী সংগঠনের শীর্ষ নেতারাও কলকাতার আশপাশে থাকেন এবং প্রায় সবাই এই ‘পার্টি অফিসে’ আসেন। তবে এর কোনো নির্দিষ্ট খোলার সময় নেই—প্রয়োজন অনুযায়ী নেতারা আসেন। সাধারণ মানুষের মধ্যে এ দপ্তরের ব্যাপারে সচেতনতা নেই, তবে ভারতীয় গোয়েন্দারা এর বিষয়ে অবগত। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া এই দপ্তরের কার্যক্রম চালানো সম্ভব হতো না বলেই ধারণা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ