(ফাইল ছবি)
অনলাইন ডেস্ক:
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আহতদের চিকিৎসায় সহযোগিতার জন্য ঢাকায় আসছে চীনের একটি জরুরি চিকিৎসা দল। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকায় চীনা দূতাবাস।
দূতাবাসের তথ্য অনুযায়ী, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অনুরোধে গঠিত পাঁচ সদস্যের এই বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের দলটি ২৪ জুলাই সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবে। তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাসেবায় প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং আহতদের অবস্থা মূল্যায়নে অংশ নেবেন।
এছাড়াও, বৃহস্পতিবার সকালে বাংলাদেশের অনুরোধে চীনের ইউনান প্রদেশের কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির সেকেন্ড অ্যাফিলিয়েটেড হাসপাতালের বিশেষজ্ঞরা বাংলাদেশের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে জরুরি ভিডিও কনসালটেশনে অংশ নেন।
এই ভার্চুয়াল আলোচনায় বার্ন চিকিৎসা, প্লাস্টিক সার্জারি, শিশু কিডনি ও শ্বাসতন্ত্র বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। তারা বিমান দুর্ঘটনায় গুরুতর আহতদের অবস্থা যৌথভাবে মূল্যায়ন করেন এবং যথাযথ চিকিৎসা পরিকল্পনা গ্রহণে মতবিনিময় করেন।
বাংলাদেশ-চীন স্বাস্থ্য সহযোগিতার এই উদাহরণ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও মানবিক সহানুভূতির অনন্য নিদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে।








