বাংলাদেশ সরকার সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করার মেয়াদ আরও দুই মাস বাড়িয়েছে। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, আগামী ১৪ মে থেকে এই ক্ষমতা পরবর্তী ৬০ দিন পর্যন্ত কার্যকর থাকবে।
এই ক্ষমতা সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তার ঊর্ধ্বতন কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য প্রযোজ্য হবে। কোস্টগার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) প্রেষণে থাকা সমমর্যাদার কর্মকর্তারাও এই আওতায় থাকবেন।
এই কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধির ধারা ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ এর অধীনে অপরাধ আমলে নিয়ে আইনগত ব্যবস্থা নিতে পারবেন।
প্রসঙ্গত, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ১৭ সেপ্টেম্বর থেকে সেনা, নৌ ও বিমানবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করা হয়। এরপর থেকে সরকার পর্যায়ক্রমে প্রতি দুই মাস অন্তর এই মেয়াদ বাড়িয়ে আসছে।
এর আগে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী সহিংসতা ছড়িয়ে পড়লে গত বছরের ১৯ জুলাই রাতে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। এরপর ৫ আগস্ট সরকার পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।








