আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরব মক্কার পবিত্র গ্র্যান্ড মসজিদকে কেন্দ্র করে বিশাল এক সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পের আওতায় নামাজ, আবাসন ও আতিথেয়তা সুবিধা বৃদ্ধির লক্ষ্যে পবিত্র স্থানের কাছাকাছি নির্মিত হবে আধুনিক উঁচু টাওয়ার ও ভবনসমূহ।
বর্তমান বাদশাহর নামে ‘কিং সালমান গেট’ নামক এই উন্নয়ন প্রকল্পটি বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। খবর মিডল ইস্ট আই।
সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান জানিয়েছেন, প্রায় ১২ মিলিয়ন স্কয়ার মিটার জুড়ে গড়ে তোলা হবে এই প্রকল্প। এতে থাকবে আবাসিক, বাণিজ্যিক, সাংস্কৃতিক এবং হোটেল সুবিধা। পাশাপাশি ইনডোর ও আউটডোর মিলিয়ে একসঙ্গে প্রায় ৯ লাখ মানুষ নামাজ আদায় করতে পারবেন।
কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নির্মিত প্রকল্পটির প্রচারণামূলক ভিডিওতে দেখা গেছে, মক্কা নগরীর চারপাশে আকাশছোঁয়া ভবন ও স্থাপনা দাঁড়িয়ে আছে, যার ওপর দিয়ে উড়ে যাচ্ছে শান্তির প্রতীক সাদা পায়রা। এই মেগা প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে রুয়া আলহারাম আলমাক্কি নামের একটি প্রতিষ্ঠান।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকল্পটি বাস্তবায়ন হলে প্রায় ৩ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
দেশটির ভিশন–২০৩০ পরিকল্পনার অংশ হিসেবে মক্কা ও মদিনাকে কেন্দ্র করে বড় পরিসরে উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে সৌদি সরকার। ২০৩০ সালের মধ্যে ৩ কোটি হজযাত্রীকে স্বাগত জানানোর লক্ষ্য নিয়ে পবিত্র এই নগরীকে ঘিরে গড়ে তোলা হচ্ছে নতুন অবকাঠামো ও প্রযুক্তিনির্ভর নগর পরিকল্পনা।
বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের জন্য আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে মক্কা নগরীর এই নতুন রূপ আগামী দিনে পবিত্র হজ ও ওমরাহ পালনে ভক্তদের জন্য আরও সহজ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও প্রযুক্তিসমৃদ্ধ অভিজ্ঞতা এনে দেবে বলে আশা করছে সৌদি সরকার।








