আন্তর্জাতিক ডেস্ক:
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাসের মন্তব্যকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বৃহস্পতিবার এক্স-এ দেওয়া এক পোস্টে জেসিপিওএ (JCPOA) বিষয়ে আলোচনার সম্ভাবনা একরকম বাতিল করে দেন।
আরাগচি বলেন, “যদি ইউরোপীয় ইউনিয়নের উচ্চ প্রতিনিধি মনে করেন যে আলোচনার লক্ষ্য হলো ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করা, তাহলে এটাই প্রমাণ করে যে তিনি এনপিটি (পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি)-এর মূলনীতি উপেক্ষা করছেন। এনপিটি স্পষ্টভাবে সকল স্বাক্ষরকারী দেশকে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক প্রযুক্তি গবেষণা ও ব্যবহার করার অধিকার দেয়।”
তিনি আরও বলেন—
- এই অবস্থান গ্রহণের মাধ্যমে কাজা কালাস জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজোলিউশন ২২৩১ এবং জেসিপিওএ-এর নিয়মনীতি লঙ্ঘন করছেন।
- এতে করে ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়া বা পুনরায় নিষেধাজ্ঞা আরোপের বৈধ ভিত্তি আর থাকে না।
- ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়ন, এর সদস্যরাষ্ট্র এবং যুক্তরাজ্যের সঙ্গে আলোচনা করার কোনো যৌক্তিকতা বা প্রয়োজনীয়তা থাকবে না।
এর আগে কাজা কালাস বলেছিলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করা উচিত এবং সেই উদ্দেশ্যে আলোচনা দ্রুত শুরু হওয়া প্রয়োজন। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক হুমকির প্রসঙ্গ এড়িয়ে গিয়ে কেবল ইরান ও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (IAEA) মধ্যে সহযোগিতা পুনরায় শুরু করার আহ্বান জানান।
ইরানের পক্ষ থেকে এমন কড়া প্রতিক্রিয়ার ফলে দেশটির পারমাণবিক ইস্যুতে কূটনৈতিক সমাধানের পথ আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।








