গাজার বিভিন্ন স্থানে মধ্যরাতে চালানো ১২টি ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশই দক্ষিণ গাজার খান ইউনিস শহরের বাসিন্দা।
হামাসের অধীনস্থ সিভিল ডিফেন্স এজেন্সির মুখপাত্র মাহমুদ বাসাল জানান, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে উদ্ধারকারী দল ৫৬টি মরদেহ উদ্ধার করেছে খান ইউনিস থেকে, ৪ জনের মরদেহ মিলেছে উত্তর গাজার বেইত লাহিয়া থেকে এবং আরও ২ জনের মরদেহ উদ্ধার হয় মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকা থেকে।
নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাও উল্লেখযোগ্য।
মাহমুদ বাসাল আরও জানান, খান ইউনিসের সামুর পরিবারের ১৩ সদস্য নিহত হয়েছেন এবং তাদের নাম নাগরিক নিবন্ধন থেকে পুরোপুরি মুছে ফেলা হয়েছে।
অন্যদিকে, গাজার উত্তরে ইসরায়েলি বাহিনী বেসামরিক নাগরিকদের এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। তারা ইসলামিক বিশ্ববিদ্যালয়, আল-শিফা হাসপাতাল এবং তিনটি স্কুল খালি করার নির্দেশও দিয়েছে, যেখানে ইতোমধ্যে বহু মানুষ আশ্রয় নিয়েছেন।
তবে স্থানীয় প্রশাসন ও ত্রাণ সংস্থাগুলোর মতে, এসব এলাকায় অনেক সাধারণ মানুষ আশ্রয় নিয়েছেন এবং তাদের সরিয়ে নিতে সময় লাগবে। ফলে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে।








