(ফাইল ছবি)
আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলের আকাশে আবারও বেজে উঠেছে সাইরেন। ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি বিমান বাহিনী সফলভাবে প্রতিহত করেছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। শুক্রবার এ হামলার ঘটনা ঘটে।
ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, দেশটির বিভিন্ন অঞ্চলে সাইরেন বাজতে শোনা যাওয়ার পর ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি প্রতিরোধ করা হয়।
ইসরায়েলের প্রভাবশালী দৈনিক ইয়েদিয়োথ আহরোনোথ জানিয়েছে, হামলার কারণে দক্ষিণ নেগেভ ও ডেড সি অঞ্চলে সতর্কতা সংকেত বাজে। ক্ষেপণাস্ত্র হুমকির আওতায় ছিল আরাদ, কিরিয়াত আরবা ও আইন গেদি এলাকা।
সম্প্রতি গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা পুনরায় শুরু হওয়ার পর থেকে ইয়েমেনের হুতি যোদ্ধারা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়িয়েছে। চলতি বছরের মার্চে দুই মাসের একটি অস্থায়ী যুদ্ধবিরতির পর ফের গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল।
২০২৩ সালের নভেম্বর থেকে হুথি বিদ্রোহীরা রেড সি, গালফ অব এডেন ও আরব সাগরে বাণিজ্যিক জাহাজেও হামলা চালিয়ে আসছে। তারা দাবি করছে, গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলার জবাবে এসব আক্রমণ করা হচ্ছে।
গাজায় চলমান ইসরায়েলি অভিযানে এ পর্যন্ত ৫৯ হাজার ৬০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।
সূত্র: আনাদুলু এজেন্সি








