আন্তর্জাতিক ডেস্কঃ
ভয়াবহ ভূমিধসে সুদানের একটি গ্রামে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। দক্ষিণাঞ্চলের মাররা পাহাড়ি এলাকার ওই গ্রামটি পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে একজন ছাড়া পুরো গ্রামের সবাই প্রাণ হারিয়েছেন।
সোমবার (১ সেপ্টেম্বর) সুদান লিবারেশন মুভমেন্ট বা সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। সংগঠনটির দাবি, গত ৩১ আগস্ট ভারি বৃষ্টিপাতের পর মাররা অঞ্চলে এ ভূমিধসের ঘটনা ঘটে।
দারফুরের ওই এলাকা নিয়ন্ত্রণকারী গ্রুপটির প্রধান এক বিবৃতিতে জানান, পুরো গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নারী, পুরুষ ও শিশুদের মরদেহ উদ্ধারে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর জরুরি সহায়তা চাওয়া হয়েছে।
উল্লেখ্য, সুদানের সেনাবাহিনী ও প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্সের দ্বন্দ্বের কারণে বহু মানুষ দারফুরের দুর্গম এই পাহাড়ি অঞ্চলে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু সেখানে পর্যাপ্ত খাবার ও ওষুধ পাওয়াই ছিল অত্যন্ত কঠিন। দুই বছর ধরে চলমান গৃহযুদ্ধের ফলে দেশটির অর্ধেকের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। জীবন বাঁচাতে আশ্রয় নেওয়া সেই মানুষগুলোই প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারালেন।
সূত্র: সিএনএন









