রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ওমান সাগরে ২০ লাখ লিটার তেলসহ ট্যাংকার জব্দ করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক:

ওমান সাগরের জলসীমায় একটি বিদেশি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে ইরান, যেটিতে আনুমানিক ২০ লাখ লিটার চোরাই জ্বালানি ছিল বলে ধারণা করা হচ্ছে।

বুধবার হরমুজগান প্রদেশের প্রধান বিচারপতি মোজতবা গাহরেমানি এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ইরানের সামুদ্রিক সীমানায় সন্দেহজনকভাবে চলাচল করায় ট্যাংকারটিকে নজরদারির আওতায় আনা হয় এবং পরবর্তীতে আটক করা হয়।

গাহরেমানি আরও বলেন, জাহাজে থাকা তেলের প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ছিল না। চোরাচালানের সন্দেহে ট্যাংকারটি জব্দ করা হয়েছে। তবে এর জাতীয়তা বা গন্তব্য সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহের-এর খবরে বলা হয়, দেশটির দক্ষিণাঞ্চলীয় জাস্ক শহরে এ ঘটনায় প্রাথমিক তদন্ত শুরু হয়েছে।

ট্যাংকারটির ক্যাপ্টেনসহ ১৭ জনকে আটক করা হয়েছে বলে জানান গাহরেমানি। মামলার অংশ হিসেবে এখন প্রমাণ সংগ্রহ, জ্বালানির নমুনা বিশ্লেষণ এবং কাগজপত্র যাচাই-বাছাইয়ের কাজ চলছে।

তিনি আরও জানান, ল্যাবরেটরিতে জ্বালানির পরিমাণ নির্ধারণ এবং কাগজ যাচাই শেষে তদন্তের পূর্ণাঙ্গ ফল প্রকাশ করা হবে।

এই ঘটনা ইঙ্গিত দেয়, ইরান তার সামুদ্রিক সীমান্তে চোরাচালান রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ