,

কংগ্রেসে পাস হলো ট্রাম্পের আলোচিত ‘বিগ বিউটিফুল বিল’

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচিত ‘বিগ বিউটিফুল বিল’ কংগ্রেসের চূড়ান্ত বাধা অতিক্রম করেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির প্রতিনিধি পরিষদে অল্প ব্যবধানে কর হ্রাস ও সরকারি ব্যয়ের বিশাল এই প্যাকেজটি পাস হয়।

রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে ২১৮–২১৪ ভোটের ব্যবধানে বিলটি অনুমোদন পায়। এরপর এতে স্বাক্ষর করেন স্পিকার মাইক জনসন। এই পাস হওয়া বিলটিকে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য কংগ্রেসে একটি বড় রাজনৈতিক জয় হিসেবে দেখা হচ্ছে।

বিলটি নিয়ে রিপাবলিকান দলে অভ্যন্তরীণ বিরোধিতা ছিল প্রবল। তবু শেষ পর্যন্ত বিলটি পাস হওয়ায় দলটির জ্যেষ্ঠ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এখন তাঁর স্বাক্ষরের পরই এটি আইনে পরিণত হবে।

এর আগে, গত মঙ্গলবার কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটেও বিলটি খুব কম ব্যবধানে পাস হয়। সেখানে ৫১–৫০ ভোটের সমান ব্যবধান তৈরি হলে, ‘টাই’ ভাঙতে বিলের পক্ষে ভোট দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। সিনেটে ডেমোক্র্যাটদের ৪৭ জন সদস্য ছাড়াও তিনজন রিপাবলিকান এই বিলের বিপক্ষে ভোট দেন।

এই আইনে কর হ্রাস, সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় কমানো, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিসহ অভিবাসন নিয়ন্ত্রণে বাজেট বাড়ানোর প্রস্তাব রয়েছে।

২০১৭ সালে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদকালের কর ছাড় নীতিরই সম্প্রসারিত সংস্করণ এই বিল। এতে উল্লেখ করা হয়েছে, কম আয়ের মার্কিন নাগরিকদের জন্য চালু থাকা মেডিকেইড স্বাস্থ্য কর্মসূচি ও খাদ্যসহায়তা কর্মসূচির খরচ থেকে প্রায় ৯৩ হাজার কোটি ডলার ছাঁটাই করা হবে। বিশ্লেষকদের মতে, এতে লাখ লাখ আমেরিকান স্বাস্থ্য বিমার আওতার বাইরে চলে যাবেন।

বিলটি ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে ইতিমধ্যে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। একপক্ষে প্রেসিডেন্ট ট্রাম্প ও তাঁর সমর্থকরা এটিকে অর্থনৈতিক সংস্কারের সাহসী পদক্ষেপ হিসেবে দেখছেন, অন্যদিকে বিরোধীরা এটিকে সাধারণ মানুষের ওপর কঠোর আঘাত বলে আখ্যা দিচ্ছেন।

সূত্র: রয়টার্স 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ