(ফাইল ছবি)
পথে প্রান্তরে আন্তর্জাতিক ডেস্কঃ
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) আইএসআইএল-সমর্থিত বিদ্রোহীদের হামলায় চলতি মাসে কমপক্ষে ৫২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। দেশটিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন (এমওএনইউএসসিও) এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।
এমওএনইউএসসিও সোমবার (১৮ আগস্ট) জানায়, গত ৯ থেকে ১৬ আগস্টের মধ্যে উত্তর কিভু প্রদেশের বেনি ও লুবেরো অঞ্চলে অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) হামলা চালায়। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
সাম্প্রতিক মাসগুলোতে একাধিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হলেও দেশের পূর্বাঞ্চলে নতুন করে সহিংসতা দেখা দিয়েছে। ডিআর কঙ্গো সেনাবাহিনী ও এম২৩ গ্রুপের মধ্যে পৃথক সংঘর্ষ চলমান। সরকার ও এম২৩ গত ১৮ আগস্টের মধ্যে স্থায়ী শান্তি চুক্তি স্বাক্ষরে সম্মত হলেও সোমবার পর্যন্ত কোনও চুক্তি ঘোষণা করা হয়নি।
এমওএনইউএসসিও জানায়, সর্বশেষ এডিএফ হামলায় বেসামরিক লোকজনকে হত্যা ছাড়াও অপহরণ, লুটপাট, বাড়িঘর ও যানবাহন পুড়িয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই অনিশ্চিত মানবিক পরিস্থিতির মুখোমুখি স্থানীয় জনগণের সম্পদ ধ্বংস করা হয়েছে।
মিশনের মুখপাত্র জানিয়েছেন, এই হামলার কঠোর ভাষায় নিন্দা জানানো হয়েছে।
কঙ্গোর আঞ্চলিক সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট এলঙ্গো কিয়োন্ডোয়া মার্ক বলেন, কঙ্গো বাহিনীর কাছে পরাজয়ের পর প্রতিশোধ নিতে এডিএফ বেসামরিক নাগরিকদের ওপর এ হামলা চালাচ্ছে।
লুবেরোর বাপেরে সেক্টরের প্রধান ম্যাকেয়ার সিভিকুনুলা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “তারা প্রথমে বাসিন্দাদের জাগিয়ে তোলে, এক জায়গায় জড়ো করে, দড়ি দিয়ে বেঁধে ফেলে। এরপর চাপাতি ও ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর গণহত্যা চালায়।”
এর আগে গত মাসে তুলনামূলকভাবে শান্ত বলে পরিচিত ইতুরি প্রদেশের কোমান্ডা শহরে একই গোষ্ঠী প্রায় ৪০ জনকে হত্যা করেছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।








