সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কুয়েতে ভেজাল মদপানে ২৩ জনের মৃত্যু, অপরাধী চক্রের প্রধান বাংলাদেশি

পথে প্রান্তরে আন্তর্জাতিক ডেস্ক:

সাম্প্রতিক দিনগুলোতে ভেজাল মদপানে ২৩ জনের মৃত্যুর পর কুয়েতি কর্তৃপক্ষ স্থানীয়ভাবে তৈরি অ্যালকোহলযুক্ত পানীয় উৎপাদন ও বিতরণের অভিযোগে ৬৭ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ‘অপরাধী চক্রের প্রধান’ একজন বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (১৭ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কুয়েতে অ্যালকোহলযুক্ত পানীয় আমদানি ও উৎপাদন আইনত নিষিদ্ধ। তবে কিছু স্থানে গোপনে এগুলো তৈরি হয়, বিশেষ করে যেসব এলাকায় নজরদারি বা সুরক্ষার মান কম। এ কারণে ভোক্তারা প্রায়ই বিষক্রিয়ার ঝুঁকিতে পড়ে থাকেন।

এক্স-পোস্টে প্রকাশিত এক বিবৃতিতে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা অ্যালকোহলযুক্ত পানীয় উৎপাদনের ছয়টি কারখানা এবং আবাসিক ও শিল্প এলাকায় এখনো চালু না হওয়া আরও চারটি কারখানা জব্দ করেছে।

মন্ত্রণালয় আরও জানায়, অপরাধী নেটওয়ার্কের প্রধান একজন বাংলাদেশি নাগরিক, যাকে গ্রেপ্তার করা হয়েছে। সন্দেহভাজনদের মধ্যে একজন নেপালিও রয়েছেন। তারা দীর্ঘদিন ধরে এসব পানীয় উৎপাদন ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গত বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, ভেজাল মদপানের পর মিথানল বিষক্রিয়ায় ১৬০ জন অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে ২৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের অধিকাংশই এশিয়ান নাগরিক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ