সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কূটনীতির আড়ালে ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র যুদ্ধ চায়, শান্তি নয়—আলোচনার আড়ালে সামরিক প্রস্তুতির অভিযোগ ইরানের

ইরান-ইসরায়েলের মধ্যে টানা ১২ দিনের সংঘাতের উত্তাপ এখনো কমেনি। এর মধ্যেই নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে তেহরান। ইরান দাবি করেছে, যুক্তরাষ্ট্র কূটনৈতিক আলোচনা শুরুর প্রস্তাব দিলেও এর আড়ালে চলছে যুদ্ধের প্রস্তুতি। দেশটির এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। খবর দিয়েছে ইরান ইন্টারন্যাশনাল।

বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়, ইরানের শীর্ষ এক কর্মকর্তা জানিয়েছেন—তাদের কাছে এমন গোয়েন্দা তথ্য রয়েছে, যা ইঙ্গিত করে ওয়াশিংটন প্রকৃতপক্ষে শান্তির নয়, বরং যুদ্ধের উদ্দেশ্যেই আলোচনা চায়।

ওই কর্মকর্তা বলেন, “যদি আলোচনার নামে সময় নষ্ট করে আমাদের দুর্বল করার চেষ্টা হয়, তাহলে আমরা এর মোকাবিলায় প্রস্তুত। এখন আমাদের পুরো মনোযোগ সংঘাতের জন্য প্রস্তুতির দিকেই থাকবে।”

প্রেস টিভিকে তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, যুক্তরাষ্ট্রের আলোচনার উদ্দেশ্য কৌশলগত। তারা ইরানকে নিরস্ত্র করতে চায়, যেন ভবিষ্যৎ যুদ্ধে ইসরায়েলের দুর্বলতা পুষিয়ে নেওয়া যায়।”

নাম প্রকাশ না করা ওই কর্মকর্তা বলেন, “যেকোনো ভবিষ্যৎ আলোচনায় অবশ্যই কঠোর ও বাস্তবসম্মত নিশ্চয়তা থাকতে হবে, যাতে এটা স্পষ্ট হয় যে এ প্রক্রিয়া কোনো নিরাপত্তা প্রতারণা নয়।”

এদিকে, ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক ক্ষেপণাস্ত্রযুদ্ধে ইরানের কৌশলগত সফলতা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য অস্বস্তিকর হয়ে উঠেছে।

অন্যদিকে, গত বুধবার (১৬ জুলাই) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “মার্কিন বাহিনীর সাম্প্রতিক হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি অপূরণীয়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।” তবে আলোচনায় ফেরার বিষয়ে তিনি তেমন আগ্রহ দেখাননি।

প্রেস টিভিকে দেওয়া বক্তব্যে ইরানের ওই কর্মকর্তা আরও বলেন, “আমরা চাই যুক্তরাষ্ট্রকে আরেকটি সুযোগ দেওয়া হোক। আমরা শুনতে চাই তাদের অবস্থান কী এবং তারা বাস্তবে কী ধরনের পদক্ষেপ নেয়।”

প্রসঙ্গত, ইরান-ইসরায়েল যুদ্ধ চলাকালে আলোচনার জন্য ইরানকে দুই সপ্তাহ সময় দিয়েছিলেন ট্রাম্প। কিন্তু সেই সময়সীমা শেষ হওয়ার আগেই, ২২ জুন মার্কিন বাহিনী ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।

এ ঘটনার পর থেকে যুক্তরাষ্ট্রের ওপর আর আস্থা রাখতে পারছে না তেহরান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ