আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। রোববার (২০ জুলাই) এক বিবৃতিতে জানানো হয়, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নেতানিয়াহু আগামী তিন দিন বাসায় বিশ্রামে থাকবেন এবং সেখান থেকেই দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যাবেন।—খবর রয়টার্স।
শনিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ৭৫ বছর বয়সী এই নেতা। হাসপাতালে নেওয়ার পর পরীক্ষায় তার অন্ত্রে প্রদাহ এবং শরীরে পানিশূন্যতা ধরা পড়ে। চিকিৎসকেরা রক্তনালীর মাধ্যমে তাকে তরল পদার্থ সরবরাহ করছেন।
এর আগেও নেতানিয়াহুর স্বাস্থ্যে জটিলতা দেখা দিয়েছিল। ২০২৩ সালে তার শরীরে একটি পেসমেকার বসানো হয়। এরপর গত ডিসেম্বরে মূত্রনালিতে সংক্রমণ দেখা দিলে তার প্রোস্টেট অপসারণ করা হয়।
তবে এবার পরিস্থিতি গুরুতর না হলেও বয়স ও পূর্ববর্তী শারীরিক জটিলতার কারণে চিকিৎসকেরা বাড়তি সতর্কতা অবলম্বন করছেন। তার কার্যালয় জানিয়েছে, তিনি বাসা থেকেই নিয়মিত মন্ত্রীসভা ও নিরাপত্তা–বিষয়ক বৈঠকে ভার্চুয়ালি অংশ নেবেন।








