(ছবি সংগৃহীত)
পথে প্রান্তরে ডিজিটাল ডেস্ক:
গাজায় ইসরাইলি বাহিনীর অব্যাহত সামরিক অভিযানে আবারও প্রাণ গেল শতাধিক মানুষের। বুধবার (৩০ জুলাই) একদিনেই ইসরাইলি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১০৪ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও ৩৯৯ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর গাজায় অভিযান শুরু করে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ওই হামলায় ১ হাজার ২০০ জন নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়েছিল। এর জবাবে ইসরাইলের তরফ থেকে চালানো অভিযানে বুধবার পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ১৩৮ জনে। আহত হয়েছেন আরও অন্তত ১ লাখ ৪৬ হাজার ২০০ জন ফিলিস্তিনি।
চলমান সংকটের মধ্যেই গত ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের মধ্যস্থতায় গাজায় একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে দু’মাস পূর্ণ হওয়ার আগেই, ১৮ মার্চ থেকে দ্বিতীয় দফায় আবারো অভিযান শুরু করে আইডিএফ। গত চার মাসের এই নতুন ধাপে গাজায় প্রাণ হারিয়েছেন আরও ৮ হাজার ৯৭০ জন, আহত হয়েছেন প্রায় ৩৪ হাজার ২২৮ জন।
ইসরাইলি বাহিনী জানিয়েছে, হামাসের হাতে আটক থাকা ২৫১ জিম্মির মধ্যে এখনো অন্তত ৩৫ জন জীবিত আছেন বলে তাদের ধারণা। সামরিক অভিযান চালিয়ে তাদের মুক্ত করার ঘোষণা দিয়েছে আইডিএফ।
এদিকে যুদ্ধের ভয়াবহতা ও মানবিক বিপর্যয়ের প্রেক্ষিতে গাজায় যুদ্ধবিরতি এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছে সৌদি আরব ও ফ্রান্সসহ আন্তর্জাতিক বিভিন্ন পক্ষ। তীব্র খাদ্য সংকটে পড়া গাজার বাসিন্দারা এখন ময়লার স্তূপে খাবারের খোঁজে দিন কাটাচ্ছেন।








