(ফাইল ছবি)
পথে প্রান্তরে ডিজিটাল ডেস্ক:
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের সাম্প্রতিক হামলায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১১৯ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও ৮৬৬ জন। রোববার (৩ আগস্ট) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৮৩৯ জনে। আহত হয়েছেন অন্তত ১ লাখ ৪৯ হাজার ৫৮৮ জন।
বিবৃতিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালের মর্গে ১১৯টি মৃতদেহ আনা হয়েছে এবং নতুন করে আহত হন আরও ৮৬৬ জন। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে এখনও সমস্যা হচ্ছে, ফলে প্রকৃত প্রাণহানির সংখ্যা আরও বেশি হতে পারে।
এছাড়া, মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরাইলি হামলায় ৬৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৫১১ জন। এ নিয়ে শুধু ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারানো ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৮৭ জনে। গত ২৭ মে থেকে এখন পর্যন্ত এ ধরনের হামলায় আহত হয়েছেন আরও ১০ হাজার ৫৭৮ জন।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরাইলি ভূখণ্ডে অতর্কিত হামলা চালায়, যাতে ১ হাজার ২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়। এর জবাবে সেদিন থেকেই গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে ইসরাইলি বাহিনী।
চলমান সংঘাতে আন্তর্জাতিক চাপের মুখে চলতি বছরের ১৯ জানুয়ারি এক দফা যুদ্ধবিরতি কার্যকর হলেও, দুই মাস না যেতেই ১৮ মার্চ থেকে ইসরাইল ফের অভিযান শুরু করে। পুনরায় শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত ৯ হাজার ৩৫০ জন নিহত এবং ৩৭ হাজার ৫৪৭ জন আহত হয়েছেন।
গাজায় চলমান মানবিক বিপর্যয়ের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। একইসঙ্গে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলাও চলছে।








