পথে প্রান্তরে আন্তর্জাতিক ডেস্ক:
ইসরাইলি আগ্রাসনে ধ্বংসপ্রায় গাজা উপত্যকায় বসবাসকারী ফিলিস্তিনিদের জন্য সব ধরনের ভিসা প্রদান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র।
শনিবার (১৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে।
বার্তায় বলা হয়েছে, “চিকিৎসা ও মানবিক বিবেচনায় বর্তমানে অল্পসংখ্যক অস্থায়ী মার্কিন ভিসা প্রদানের যে পদ্ধতি ও প্রক্রিয়া চালু রয়েছে, তা আমরা পূর্ণাঙ্গ পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছি। পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত গাজার ফিলিস্তিনিদের ভিসা প্রদান স্থগিত থাকবে।”
এর কয়েক দিন আগে মার্কিন অলাভজনক সংস্থা ‘হিল’-এর সহায়তায় চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয় গাজায় ইসরাইলি অভিযানে গুরুতর আহত তিন ফিলিস্তিনি শিশু এবং তাদের পরিবারের সদস্যদের। এ ঘটনাকে কেন্দ্র করে ১৬ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন মার্কিন কট্টর ডানপন্থি রাজনৈতিক কর্মী লরা লুমার।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত লুমার এক্সে পোস্ট করা এক বার্তায় লেখেন, “কীভাবে ইসলামপন্থী অভিবাসনপ্রত্যাশীদের প্রবেশ করতে দেওয়া যুক্তরাষ্ট্র সরকারের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার পাচ্ছে?”
পোস্ট দেওয়ার পর রিপাবলিকান পার্টির বহু নেতা-কর্মী ও সমর্থক লুমারের বক্তব্যকে সমর্থন জানিয়ে বর্তমান প্রশাসনের সমালোচনা করতে থাকেন। এর কয়েক ঘণ্টার মধ্যেই গাজার ফিলিস্তিনিদের ভিসা স্থগিতের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।
তথ্যসূত্র: আলজাজিরা








