আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইসরাইল প্রথম ধাপে গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে। একইসঙ্গে হামাস নিশ্চিত করলেই তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি কার্যকর হবে বলেও জানিয়েছেন তিনি।
মার্কিন প্রেসিডেন্টের দেওয়া ২০ দফা প্রস্তাবের কিছু অংশ মেনে নেওয়ার ঘোষণা দিয়েছে হামাস। স্বাধীনতাকামী সংগঠনটির এমন ঘোষণার পর গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধে নতুন এক অগ্রগতির কথা জানান ট্রাম্প।
স্থানীয় সময় শনিবার (৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, গাজা উপত্যকা থেকে প্রথম ধাপে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে ইসরাইল।
যুদ্ধবিরতির অংশ হিসেবে গত সোমবার হোয়াইট হাউস একটি মানচিত্র প্রকাশ করেছিল, যেখানে ইসরাইলি সেনা প্রত্যাহারের বিভিন্ন সীমারেখা দেখানো হয়েছে।
ট্রাম্প জানান, এই সীমারেখার মধ্যেই ইসরাইল প্রাথমিক সেনা প্রত্যাহারে সম্মত হয়েছে। হামাস নিশ্চিত করলেই যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে ঘোষণা দেন তিনি। পাশাপাশি সতর্ক করে বলেন, দ্রুত পদক্ষেপ না নিলে সব চুক্তি বাতিল হয়ে যাবে।
বিবিসি ভেরিফাই-এর হিসাবে, যুদ্ধবিরতি কার্যকর হলে হোয়াইট হাউসের প্রকাশিত মানচিত্র অনুযায়ী প্রথম ধাপে সেনা প্রত্যাহারের পরও গাজার প্রায় ৫৫ শতাংশ এলাকা ইসরাইলের নিয়ন্ত্রণে থাকবে।
এদিকে খুব শিগগিরই গাজায় আটক জিম্মিদের মুক্তির ঘোষণা দিতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেন, কূটনৈতিক ও সামরিক চাপে ট্রাম্পের প্রস্তাব মেনে নেওয়া ছাড়া হামাসের সামনে অন্য কোনো বিকল্প নেই।
নেতানিয়াহু আরও বলেন, দ্রুতই উপত্যকাটি থেকে হামাসের শাসনের সমাপ্তি ঘটানো হবে এবং সংগঠনটিকে নিরস্ত্র করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।








