মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

জাহাজ ডুবে ৪০ অভিবাসীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তিউনিসিয়ার উপকূলে জাহাজ ডুবে আফ্রিকা থেকে ইউরোপগামী অন্তত ৪০ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সংঘটিত এই দুর্ঘটনায় আরও কমপক্ষে ৩০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

তিউনিসিয়ার শহর মাহদিয়ার পাবলিক প্রসিকিউটরের অফিসের মুখপাত্র ওয়ালিদ ছাতাব্রি জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, জাহাজটিতে মোট ৭০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে শিশুসহ ৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বাকিদের মধ্যে ৩০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

ইতালীয় দ্বীপ ল্যাম্পেদুসা থেকে তিউনিসিয়ার উপকূল প্রায় ১৪৫ কিলোমিটার দূরে অবস্থিত। আফ্রিকা থেকে সমুদ্রপথে ইউরোপে পৌঁছানোর চেষ্টাকারী অভিবাসীদের জন্য এই রুটটি অন্যতম প্রধান ট্রানজিট পথ হিসেবে পরিচিত।

জাতিসংঘের শরণার্থী সংস্থা (UNHCR) জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে ইতালিতে ৫৫ হাজারেরও বেশি অনিয়মিত অভিবাসী পৌঁছেছে। অন্যদিকে, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্য অনুযায়ী, ২০১৪ সাল থেকে এ পর্যন্ত কেন্দ্রীয় ভূমধ্যসাগরীয় রুটে ৩২ হাজার ৮০৩ জন অভিবাসী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন।

তিউনিসিয়ার কর্তৃপক্ষ নিহতদের মরদেহ উদ্ধার ও পরিচয় শনাক্তকরণের কাজ চালিয়ে যাচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ