(প্রতীকী ছবি)
আন্তর্জাতিক ডেস্ক:
অস্ট্রেলিয়ার একটি ডে-কেয়ার সেন্টার থেকে নাতি ভেবে ভুলবশত অন্য শিশুকে বাড়ি নিয়ে গেছেন এক বৃদ্ধ। পরে শিশুটির মা বিষয়টি টের পেলে তোলপাড় শুরু হয়।
ফার্স্ট স্টেপস লার্নিং একাডেমি নামের ওই ডে-কেয়ার সেন্টারটি সিডনির দক্ষিণাঞ্চলীয় বাংগোর শহরতলিতে অবস্থিত। গত সোমবার (১ সেপ্টেম্বর) নিজের নাতিকে নিতে সেখানে যান ওই বৃদ্ধ। তবে অন্ধকারাচ্ছন্ন একটি ঘরে ঘুমিয়ে থাকা এক বছরের আরেকটি শিশুকে তিনি নাতি ভেবে বগলদাবা করে বাড়ি নিয়ে যান।
পরে শিশুটির মা সন্তানকে নিতে গেলে বিষয়টি সবার নজরে আসে। সিডনি মর্নিং হেরাল্ডকে দেওয়া সাক্ষাৎকারে শিশুটির মা বলেন, “ওই মুহূর্তের অনুভূতি বলে বোঝানো সম্ভব নয়। কর্তৃপক্ষ ওই ব্যক্তির পরিচয়ও জানায়নি। কেবল বলেছে, হাফপ্যান্ট পরা এক বৃদ্ধ ভদ্রলোক আমার শিশুকে নিয়ে গেছেন।”
প্রতিবেদনে সংশ্লিষ্ট কারও নাম প্রকাশ করা হয়নি।
তবে ওই মা বৃদ্ধকে দোষারোপ করেননি। তিনি বলেন, “এখানে আমি ওই ভদ্রলোকের কোনো দোষ দেখি না। পুরো দায় ডে-কেয়ার সেন্টারের।”
নিরাপত্তা প্রটোকল অনুযায়ী, ডে-কেয়ার সেন্টারে নিবন্ধিত বা অনুমোদিত অভিভাবক ছাড়া কেউ শিশুকে নিয়ে যেতে পারেন না। ফার্স্ট স্টেপস লার্নিং কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার সময় দায়িত্বে থাকা এক কর্মীকে বরখাস্ত করা হয়েছে।
ভুল বুঝতে পেরে বৃদ্ধ হতভম্ব হয়ে পড়েন এবং শিশুটিকে দ্রুত ফেরত দেন। তার স্ত্রী সিডনি মর্নিং হেরাল্ডকে বলেন, “ভুল বোঝার পর তিনি শিশুটিকে দ্রুত ফিরিয়ে দিতে ছুটে যান। ঘটনাটি তাকে ভীষণ মর্মাহত করেছে।”
ঘটনায় দুঃখ প্রকাশ করে ডে-কেয়ার সেন্টারের পরিচালক ট্রিশা হাস্টি বলেন, “এই বিচ্ছিন্ন কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আমাদের এখানে এর আগে এমন ঘটনা ঘটেনি। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সে জন্য আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
নিউ সাউথ ওয়েলস আর্লি চাইল্ডহুড কেয়ার রেগুলেটরি অথরিটি জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।
ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন অস্ট্রেলিয়ার ডে-কেয়ার সেন্টারগুলোতে শিশুদের নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়ছে। গত মাসেই খাতে নিরাপত্তার মান উন্নত করতে নতুন আইন প্রণয়নের ঘোষণা দেওয়া হয়েছে।
তথ্যসূত্র: বিবিসি








